২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতকর্মীদের হাতে ২ সাংবাদিক প্রহৃত

দায়িত্ব পালন করতে গিয়ে হেফাজতকর্মীদের হাতে প্রহৃত হয়েছেন দু'টি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 08:15 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

রোববার পল্টনে পুলিশ-হেফাজত ইসলামের সংঘর্ষের পর বেলা সোয়া একটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে সময় টেলিভিশন ও মোহনা টিভির স্টাফ করসপন্ডেন্ট সাইফুল রুদ্র ও নাসির উদ্দিনকে ভিডিও করার সময় বাধা দেয় হেফাজতকর্মীরা।

এক পর্যায়ে মোহনা টিভির নাসিরের ওপর হামলা করে তার মাইক্রোফোন কেড়ে নেয় হেফাজতকর্মীরা। এ সময় সাইফুল ও নাসিরকে মারধর করে তারা। অন্য সহকর্মীরা এসে তাদের উদ্ধার করে নিয়ে যায়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল বৈশাখীর জ্যেষ্ঠ প্রতিবেদক দীপু সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের একজন ক্যামেরাপার্সন গুলিবিদ্ধ হয়ে কাকরাইলের একটি হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। হেফাজত কর্মীরা তার ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন দীপু।

এদিকে পল্টনে সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ার গ্যাসের শেলে আহত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর সাংবাদিক ফারহান ফেরদৌস।

বিকাল ৫টার দিকে একটি টিয়ার শেল ফারহানের ডান কোমরে লাগে বলে জানান তার সঙ্গে থাকা বিডিনিউজের অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক লিটন হায়দার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় বলে তিনি জানান।

এর আগে মতিঝিলে সমাবেশের অনুমতি পাওয়া হেফাজতে ইসলামের কর্মীরা পল্টনে পুলিশের সঙ্গে সংর্ঘষে জড়ায়। সংঘর্ষ ছড়িয়ে পরে বিজয়নগর, গুলিস্তান ও নয়া পল্টনে।