সিরাজগঞ্জে পল্লীতে সংঘর্ষ, আহত ২৫
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার সকালে উপজেলার তামাই ও নাগগাঁতী গ্রামবাসীর মধ্যে এ ঘটনা ঘটে। এ সময় অন্তত ১০টি বাড়ি ভাংচুর করা হয়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ডাকাতির আশঙ্কায় তামাই গ্রামের লোকজন নিজেরা রাতে পাহাড়া দিয়ে থাকে। শনিবার গভীর রাতে নাগগাঁতী গ্রামের কয়েকজন লোক তামাই বাজার এলাকায় আড্ডা দেয়ার চেষ্টা করলে পাহাড়াদাররা তাদের বাধা দেয়।
এ সময় উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতি হয়।
রোববার সকালে নাগগাঁতী গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে তামাই গ্রামে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৮ জনকে সিরাজগঞ্জ সদর হাসাপাতাল ও বেলকুচি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ সময় উভয় গ্রামের অন্তত ১০টি বাড়ি ভাংচুর ও হামলার শিকার হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২০ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করেছে। পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোক্তার।
