২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আতঙ্কে ‘ফাঁকা’ নগরী

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ ও সমাবেশের কর্মসূচির কারণে সপ্তাহের প্রথম দিন রাজধানীর পরিস্থিতি অনেকটাই থমথমে। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 07:34 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

মহানগরীর প্রধান প্রবেশপথে হেফাজতকর্মীরা অবস্থান নেয়ায় ভোর থেকেই দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে ভাংচুর-সংঘর্ষের আশঙ্কায় অনেকেই ব্যক্তিগত যানবাহন বের না করায় শহরের ভেতরেও পরিবহন কম দেখা যায়।     

বিকাল ৩টায় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ থাকায় নেতাকর্মীরা জড়ো হচ্ছেন সেখানে। এরই মধ্যে পল্টন এলাকায় হেফাজতকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এবং বায়তুল মোকাররমে দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে।

যানবাহনের পাশাপাশি মহানগরীর ভেতরে সাধারণ মানুষের চলাচলও কম দেখা যায়। মতিঝিলে অধিকাংশ বাণিজ্যিক অফিসে বাইরে শাটার টেনে ভেতরে কাজ করেন কর্মীরা। বেলা ১১টায় হেফাজত সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই মতিঝিল এলাকার বহু অফিস বন্ধে হয়ে যায়।

ব্লগারদের শাস্তি ও নারীনীতি বাতিলসহ ‘বিতর্কিত’ ১৩ দফা দাবিতে সরকারকে চূড়ান্ত চাপ দিতে হেফাজত ইসলামীর অবরোধে সকাল থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী।

টঙ্গী ব্রিজ, যাত্রাবাড়ির কাজলা, ডেমরা, বাবুবাজার ব্রিজ, পোস্তগোলা ব্রিজ, নারায়ণগঞ্জ ও সাভারের আমিনবাজার ও গাবতলীতে দুপুর পর্যন্ত অবরোধ কর্মসূচি শেষে মিছিল করে মতিঝিলের দিকে আসতে শুরু করেন হেফাজতকর্মীরা।