২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবরোধে মানুষের ভোগান্তি গাজীপুরে

টঙ্গী, আব্দুল্লাহপুর ও আশপাশের পুরো অবরুদ্ধ থাকায় রোববার সকাল থেকে মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2013, 07:10 AM

Updated : 23 Aug 2022, 10:42 AM

এরমধ্যে রয়েছেন অফিসগামী মানুষ ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।  

ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা মো. আলম ও তার কয়েকজন বন্ধু গাজীপুরের বড়বাড়ি এলাকার ইন্টার ফ্যাব শার্ট কারখানায় চাকরি করেন।

রোববার সকাল ৮টার দিকে হেঁটে আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছলেও গাড়ি না চলায় তারা অফিসে যেতে পারেননি।

নরসিংদীর রওশনারা বেগম (৫০) বলেন, সকালে ঢাকার হৃদরোগ হাসপাতালে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে।

পথে টঙ্গীর আমতলীতে গাড়ি থেকে নামিয়ে দিলে হেঁটে সকাল ১০টার দিকে আব্দুল্লাহপুর এলাকায় পৌঁছেন।

গাজীপুরের পূবাইল এলাকার রফিকুল ইসলাম ও  স্ত্রী পারভিন আক্তার বলেন, দুপুরে ঢাকার একটি হাসপাতালে তাদের প্রসূতি মেয়ের ডেলিভারির কথা।

সকাল ৭টার দিকে তারা বাড়ি থেকে লেগুনায় করে টঙ্গীর আমতলী আসেন। গাড়ি না পেয়ে সেখান থেকে হেঁটে আব্দুল্লাহপুর পৌঁছেন সকাল ১০টায়।

দুপুরে হাসপাতালে পৌঁছতে পারবেন কিনা জানেন না।

জাতীয় বিশ্ববিদ্যারয়ের পরীক্ষা শাখার শাখা কর্মকর্তা গুলজার হোসেন বলেন, উত্তরা  থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত হেঁটে এসেছেন। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে অফিসে যাওয়ার সাহস পাচ্ছেন না।

সকাল ৯টার দিকে উত্তরার মাইলস্টোন কলেজের এইচএসসি পরীক্ষার্থী মারিয়া আব্দুল্লাহপুর ওভারব্রিজ পার হয়ে পরীক্ষা কেন্দ্রের দিকে হাঁটছিলেন।

নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন।

রোববার ভোর ৫টার পর থেকেই গাজীপুরে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে হেফাজতের নেতাকর্মীরা অবস্থান নেন।

এরপর তারা গাজীপুর সদরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস সড়ক, গাজীপুরা, বাসন সড়ক, বোর্ডবাজার, বড়বাড়ি এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আব্দুল্লাহপুর ও টঙ্গীতে জমায়েত হতে থাকেন।

সকাল ৬টার দিকে মহাসড়ক যানবাহন শূন্য হয়ে পড়ে। এসময় হেফাজতকর্মীরা বাঁশের লাঠিতে জাতীয় পতাকা, পিঠে ব্যাগ নিয়ে মিছিল করতে থাকেন।

সকাল ৬টার দিকে প্রায় আধাঘণ্টা তারা মুষলধারে বৃষ্টিতে ভিজে মিছিল করেন।

টঙ্গী থনার ওসি কাজী ইসমাইল হোসেন বলেন, টঙ্গী থেকে দক্ষিণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, উত্তরে ভোগড়া বাইপাস, পূর্বদিকে আমতলী, পশ্চিমে কামারপাড়া সড়কে কোনো যানবাহন চলেনি।