২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে বাসায় চায়ের আমন্ত্রণ খালেদার

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2013, 05:07 PM

Updated : 23 Aug 2022, 10:42 AM

শনিবার বিকালে শাপলা চত্বরে ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি বলেন, “জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে প্রধানমন্ত্রী এখন আলোচনার কথা বলেন। সংসদে যাওয়ার আহ্বান জানান। আর কয়েদিন পর হয়ত চা খাওয়ার আমন্ত্রণ দেবেন। আমি বলব, আসুন আমার বাড়িতে আপনাকে চা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”

এর আগে বুধবার গণভবনে সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচন প্রশ্নে বিরোধী দলীয় নেতার সঙ্গে সংলাপে বসার আহ্বান জানান।

নিয়ম করে ঈদ ও নববর্ষে ঈদকার্ড পাঠিয়ে দুই নেত্রীর মধ্যে শুভেচ্ছা বিনিময় হলেও দীর্ঘদিন দুই নেত্রীর মধ্যে কুশল বিনিময় হয়নি। রাষ্ট্রপতি জিল্লুর রহমানের মৃত্যুতে বহুদিন পর আবারো এক ছাদের নিচে আসেন দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা। কিন্তু তখনো তাদের মধ্যে কোনো কথা হয়নি।

গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসেও তারা সেনাকুঞ্জে যান। কিন্তু সেখানেও তাদের মধ্যে কোনো কথা হয়নি। সর্বশেষ ২০০৯ সালে সেনাকুঞ্জের অনুষ্ঠানে দেখা হলে দুই নেত্রীর মধ্যে কুশল বিনিময় হয়।

একই বছর মে মাসে শেখ হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুর পর ধানমণ্ডির সুধা সদনে যান খালেদা জিয়া। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমবেদনা জানান এবং দুই নেত্রীর মধ্যে কিছুক্ষণ কথা হয়।

সমাবেশে খালেদা জিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “নির্দলীয় সরকারের দাবি না মানলে এর পরিণতি হবে ভয়াবহ। এই সমস্যার সমাধান যত দ্রুত হবে, তত তাড়াতাড়ি জাতি মুক্তি পাবে।”

বিচার বিভাগে দলীয়করণের অভিযোগ তুলে তিনি বলেন, আজ বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। প্রধানমন্ত্রী অথবা মন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ আসে- কাকে জামিন দেয় হবে, কাকে গ্রেপ্তার করা হবে।

পুলিশ-র‌্যাবকে দিয়ে নির্বিচারে গুলি করারও কঠোর সমালোচনা করেন বিরোধী দলীয় নেতা।

সমাবেশ স্থগিত প্রসঙ্গে

খালেদা জিয়া বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আজকের সমাবেশ স্থগিত করে তার অর্থ সাভারের ক্ষতিগ্রস্তদের জন্য প্রদান করতে। আমরা তাকে বলব, আমরা কখনো সমাবেশে লোকজন ভাড়া করে আনি না। তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আসে। আপনারা (প্রধানমন্ত্রী) দুর্নীতি করে যেসব অর্থ  লুটপাট করেছেন, তা উদ্ধার করে সাভারে যারা আহত ও নিহত হয়েছেন, তাদের পরিবারকে দিন।”