মানবসেবার জন্য ক্লিনিকে চাকরি নেন নীলা
হরতালে বিপদের ঝুঁকি নিয়ে সন্তানসম্ভবাকে সেবা দেয়ায় এক স্বাস্থ্যকর্মীকে পুরস্কৃত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শনিবার সকালে গাজীপুর সদরে শাকিলা বিবি নীলাকে শ্রেষ্ঠ কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিক প্রজেক্ট (সিএইচসিপি) পুরস্কারের ১০ হাজার টাকা ও সম্মাননা দেয়া হয়।
নীলা উপজেলার দীঘিরচালা কমিউনিটি সেন্টারের স্বাস্থ্যকর্মী।
এ উপলক্ষে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হায়দার খান বলেন, গত ২৭ মার্চ বিরোধীদলের হরতাল চলাকালে নীলা চিকিৎসাসেবা দেয়ার জন্য এক গর্ভবতী মাকে সিএনজিচালিত অটোরিকশায় গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
পথে নলজানী এলাকায় পিকেটারদের ধাওয়া খেয়ে স্কুটারটি উল্টে যায়। এ দুর্ঘটনায় নীলা ডান হাতে আঘাত পান। এ সময় ওই গর্ভবতী নারীর মা ও এক ভাই আহত হন।
এরপরও বিপদের ঝুঁকি নিয়ে নীলা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
দুর্ঘটনার খবরটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়।
বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে নীলাকে সাহসিকতার জন্য পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।
নীলা বলেন, “মানবসেবার জন্যই আমি কমিউনিটি ক্লিনিকে চাকরি নেই। আমার কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত।”
ডা. আলী হায়দার খানের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ কমিউনিটি ক্লিনিক প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো.হাবিব উল্লাহ এবং গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান।
