এসআইকে ধাক্কা দিয়ে হাজত থেকে পালালো শিবিরকর্মী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা থেকে এক শিবিরকর্মী পালিয়ে যাওয়ার পর তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার রাতে ওই আসামি পালিয়ে যায় বলে থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন। শনিবার সকালে তিন পুলিশ সদস্যকে ওই থানা থেকে প্রত্যার করা হয়।
তারা হলেন- সহকারী উপ পরিদর্শক মিজানুর রহমান, কনস্টেবল নাসিমা খাতুন ও আব্দুর রাজ্জাক।
কর্তব্যে অবহেলার অভিযোগে তাদে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয় বলে জানান ওসি।
কানসাট পল্লী বিদ্যুৎ সমিতিতে অগ্নিসংযোগসহ বিভিন্ন মামলার আসামি ইসলামী ছাত্রশিবিরের কর্মী সালাউদ্দিনকে (২০) শুক্রবার দুপুরে মনাকষা মোড় থেকে গ্রেপ্তার করে পুলিশ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে কর্তব্যরত কনস্টেবল নাসিমা খাতুন হাজতখানার তালা খুলে ভেতরে ঢুকলে সালাউদ্দিন তাকে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যায়।”
সালাউদ্দীন উপজেলার কালুপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর গত ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী ও শিবিরের কর্মীদের বিক্ষোভ থেকে কানসাট পল্লী বিদ্যুতের সাব-স্টেশন পুড়িয়ে দেয়া হয়।
