২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় এক প্রবাসীর স্ত্রীর দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে, যাকে হত্যা করা হয়েছে বলে স্বজনরা দাবি করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 05:57 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার সকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতবাড়িয়া দক্ষিণ ভবানিপুর গ্রাম থেকে নাজমা খাতুন নার্গিসের (৩৭) লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের বকুলুজ্জামান প্রামানিকের স্ত্রী। তাদের দুই সন্তান রয়েছে।

এ ঘটনায় নার্গিসের বড় ভাই মঞ্জুরুল আলম বাদী হয়ে ভেড়ামারা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে থানার ওসি রিয়াজুল ইসলাম জানান।

তবে মামলায় আসামি হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি।

এদিকে, এ হত্যাকাণ্ডের জন্য প্রতিবেশী তৌহিদুলের ছেলে জিএমকের(২৩) সন্দেহ করছেন নিহতের বড় ছেলে শোভন।

১৪ বছর বয়সী শোভন বলেন, জিএমের সঙ্গে তার মায়ের অর্থিক লেনদেন ছিল। কিছু দিন আগে এই নিয়ে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়।

শোভন জানান, বৃহস্পতিবার রাতে তিনি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে লোকজনের চিৎকারে তার ঘুম ভাঙে। ঘরের পাশে গোসলখানায় আগুন জ্বলতে দেখে দৌড়ে সেখানে গিয়ে মায়ের দগ্ধ লাশ দেখতে পান।

তার মায়ের মোবাইলে রাত ২টার দিকে সর্বশেষ কলটিও জিএমের মোবাইল নম্বর থেকে এসেছিল বলে দাবি করেন শোভন।

এ বিষয়ে ওসি রিয়াজুল বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেননি তারা।