আশরাফুজ্জামানকে নিয়ে মন্তব্য নয়: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ‘পলাতক’ একাত্তরের আল বদর নেতা আশরাফুজ্জামান খানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে পরোয়ানা জারির বিষয়টি জানতে পারলেও এখনই মন্তব্য করছে না ওয়াশিংটন।
বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, “বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে যুক্তরাষ্ট্রের একজন নাগরিকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে এ বিষয়ে আপাতত কোনো মন্তব্য করছি না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার অভিযোগে আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তাদের গ্রেপ্তার করা হয়েছে কি-না সে বিষয়ে ১২ মের মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদন দিতে বলা হয়।
আদালতে এক প্রসিকিউটর বলেন, আশরাফুজ্জামান বর্তমানে যুক্তরষ্ট্রের নিউ ইয়র্কে এবং চৌধুরী মুইনুদ্দীন লন্ডনে রয়েছেন।
তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, আশরাফুজ্জামান খান ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’ ছিলেন। আর চৌধুরী মাঈনুদ্দীন ছিলেন তার ‘অপারেশন ইনচার্জ’।
তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ‘সক্রিয় অবস্থান’ নেন।
আশরাফুজ্জামানের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরের বেজড়া ভাটরা (চিলেরপাড়) গ্রামে। আর চৌধুরী মাঈনুদ্দীনের বাড়ি ফেনীর দাগনভুঞার চানপুরে।
