২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীর মৃত্যু: শান্ত থাকার আহ্বান আহলে সুন্নাতের

হেফাজতে ইসলামের কর্মীদের হামলায় আহত মাদ্রাসা ছাত্র সাইফুল ইসলামের মৃত্যুর পর চট্টগ্রামসহ সারাদেশের সুন্নি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

চট্টগ্রাম, বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

শুক্রবার বিকালে নগরীর মোমিন রোডে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে তিনি নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান।

লিখিত বক্তব্যে আহলে সুন্নাত ওয়াল জমা’আত সমন্বয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বকতেয়ার বলেন, “সাইফুলের মৃত্যুকে কেন্দ্র করে যেন কোনো ধরনের শান্তি ভঙ্গের কারণ না ঘটে সে ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা ও সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি।”

এছাড়া কোন ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় না দিয়ে ইসলামের শান্তির আদর্শ বাস্তবে অনুশীলন এবং সাইফুলের আত্মার মাগফেরাত কামনা করে প্রত্যেক উপজেলায় দোয়া ও মিলাদ মাহফিল করার আহ্বান জানান তিনি।

গত ২৬ এপ্রিল নগরীর রেসালাত সম্মেলন থেকে ফেরার পথে হাটহাজারীতে গাজী শেরে বাংলা (রহ.) মাজারে হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। এ সময় হেফাজতকর্মীরা সাইফুল ইসলামের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনার সাত দিনের মাথায় শুক্রবার বিকেলে সাইফুল মারা যান।

সংবাদ সম্মেলনে জানানো হয় হামলার পর গত ৩০ এপ্রিল নিহত সাইফুলের বড় ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে হাটহাজারী থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় মাওলানা আবদুর রহমান, জাকারিয়া ফয়েজী, জামাল উদ্দিন নাসির উদ্দিন মনিরসহ  ১৩ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেয়ার মোহাম্মদ, ছাদেক হোসেন পাপ্পু, অধ্যাপক আবু তালেব প্রমুখ।