আদমদিঘীতে গৃহবধূ খুন
বগুড়ার আদমদিঘী উপজেলায় ভাগ্নের বিরুদ্ধে খালাকে হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুরে এ হামলায় নিহত জোসনা (৪৫) ভালশুন গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
গ্রামের আব্দুর রহিম বলেন, একই গ্রামের আব্দুর রহমানের ছেলে ভাগ্নে রবিউল ইসলাম খালা জোসনার কাছ থেকে সুদে টাকা ধার নিয়েছিলেন।
কিন্তু ওই টাকা পরিশোধ না করায় জোসনা টাকার পরিবর্তে জমি লিখে দিতে বলেন রবিউলকে।
দুপুরে এ নিয়ে জোসনার বাড়িতে রবিউল ও তার বড় ভাই বুলুর সঙ্গে জোসনার কাটাকাটি হয়।
এক পর্যায়ে বুলু একটি ধারালো বটি দিয়ে জোসনার হাত ও পায়ের রগ কেটে দিলে জোসনার মৃত্যু হয়।
আদমদিঘী থানার ওসি তোজাম্মেল হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
