ঝিনাইদহে ‘চরমপন্থীর’ লাশ উদ্ধার
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার তুলোখালী গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শাহাবুল ইসলাম সাবু (৪০) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নওলামারি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
সাবু চরমপন্থি দলের সদস্য ছিলেন। তার নামে হরিণাকুন্ডু ও আলমডাঙ্গা থানায় হত্যা ও অপহরণের অন্তত পাঁচটি মামলা রয়েছে বলে জানান হরিণাকুন্ডু থানার ওসি ফরিদ উদ্দিন।
তিনি জানান, লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। তাতে লেখা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি, খুলনা বিভাগীয় কমান্ডার। এ হত্যার জন্য কেউ দায়ী নয়। পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করুন।
পুলিশের অনুমান, বৃহস্পতিবার রাতে কোনো একসময় হত্যাকণ্ডটি হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
