যুক্তরাষ্ট্রে মে দিবসে স্মরণ শাহীনাদের
সাভারে ভবন ধসে শাহীনা আক্তারের মতো চারশ’ শ্রমিকের মৃত্যুর শোক নিয়েই যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে মে দিবস।
নিউ ইয়র্কসহ ৮০টি শহরের প্রতিটিতেই বুধবার মে দিবসের অনুষ্ঠানে নিহত বাংলাদেশিদের স্মরণের পাশাপাশি কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর শ্রমশক্তি ব্যবহারকারী উন্নত দেশের কোম্পানিগুলোতেও এক্ষেত্রে মনোযোগ দেয়ার দাবি তোলে যুক্তরাষ্ট্রের শ্রমিকরা।
রানা প্লাজা ধসে চারশ’ শ্রমিকের মৃত্যুর ঘটনা গত কয়েকদিন ধরেই নিউ ইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্টসহ যুক্তরাষ্ট্রের বহুল প্রচারিত দৈনিক এবং সিএনএনসহ টেলিভিশন চ্যানেলগুলোতে গুরুত্ব দিয়ে আলোচিত হচ্ছে।
মার্কিন কংগ্রেসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য গ্রেস মেং পোশাক বিক্রির চেইনশপ ওয়ালমার্ট, গ্যাপ এবং আমেরিকান এপারেল ফুটওয়্যার অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে বাংলাদেশের পোশাক শিল্প শ্রমিকদের সার্বিক পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।
নিউ ইয়র্ক সিটির ডাউন টাউন ম্যানহাটানে মে দিবসের সমাবেশে শ্রমিক নেতারা বাংলাদেশে বহু শ্রমিকের মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর দায়িত্বহীনতাকেও দায়ী করেন। সমাবেশে বাংলায় লেখা প্ল্যাকার্ডও দেখা যায়।
