ব্লগারদের মুক্তি দাবিতে মানববন্ধন
আটক ব্লগারদের মুক্তি দাবিতে ঢাকায় মানববন্ধন করেছে অনলাইন অ্যাক্টিভিস্টরা।
বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই কর্মসূচিতে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বাকী বিল্লাহ বলেন, ব্লগাররা দাবা খেলার ‘গুটি’ নন। তারা কারো ব্যক্তিগত স্বার্থে ব্যবহারও হন না।
“ব্লগে তারা তাদের মনের সুপ্ত কথাগুলো লেখেন। ব্লগারদের কোনো লেখার পর কোনো সহিংসতার সৃষ্টি হয়নি। কিন্তু মাহমুদুর রহমান তার পত্রিকার মাধ্যমে জাতিকে সংঘাতের দিকে ঠেলে দিয়েছেন। তাই দুই জনের অপরাধ সমান নয়।”
এপ্রিলের শুরুতে ইন্টারনেটে কথিত ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে আসিফ মহীউদ্দিনসহ চার ব্লগারকে গ্রেপ্তার করেছে পুলিশ।অন্যরা হলেন- সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনের বিরোধী হেফাজতে ইসলাম দাবি তোলার পর তাদের গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে গণজাগরণ মঞ্চের দাবির প্রেক্ষাপটে গ্রেপ্তার করা হয় আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে, যার মুক্তির দাবি জানিয়ে আসছে হেফাজত।
গ্রেপ্তার ব্লগারদের মুক্তি দাবি করেন শাহবাগ আন্দোলনের অন্যতম সংগঠক বাকী বিল্লাহ।
মানববন্ধনে আরেক অনলাইন অ্যাক্টিভিস্ট আক্তারুজ্জামান আজাদ বলেন, ব্লগারা গ্রেপ্তার হওয়ার মতো কোনো অপরাধ করেননি।
অনলাইন অ্যাক্টিভিস্ট সাদাত নিলয় বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যতটুকু বাক স্বাধীনতা অর্জিত হয়েছিলো, তা প্রতিনিয়ত রুদ্ধ করে দেয়ার চেষ্টা চলছে।
“এভাবে যদি মুক্ত চর্চার পথ ধীরে ধীরে বন্ধ করে দেয়া হয়, তাহলে কি বাংলাদেশকে মুক্তচিন্তার দেশ বলা যাবে না?”
