২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহতদের পাশে দাঁড়াতে হবে: গণজাগরণ মঞ্চ

রানা প্লাজা ধসের জন্য দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দিতে সরকারকে দাবি জানিয়ে আহতদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছে গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 05:04 PM

Updated : 25 Apr 2022, 06:41 PM

“গণজাগরণ মঞ্চের ক্ষুদ্র সামর্থে যতটুকু সম্ভব আমরা তা করবো,” এই প্রতিশ্রুতিও দিয়েছেন মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, যিনি ভবন ধসের পর সাভারে চিকিৎসা কেন্দ্রে কাজ করে এসেছেন।

সাভারে ভবন ধসে চার শতাধিক শ্রমিকের প্রাণহানিতে মে দিবসে বুধবার বিকালে শাহবাগে নাগরিক শোক সমাবেশ করে যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবিতে গঠিত গণজাগরণ মঞ্চ। এতে বিভিন্ন শ্রমিক নেতাও বক্তব্য রাখেন।

ইমরান বলেন, “রানা প্লাজা ধসের ঘটনায় যে মানবিক বিপর্যয় নেমে এসেছে আমরা চাই, এর জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্র নিশ্চিত করবে।

“একই সঙ্গে এ ঘটনায় আহতদের পুনর্বাসন এবং নিহতদের পরিবারের পাশে রাষ্ট্র ও দেশের জনগণকে দাঁড়ানোরও আহ্বান জানাই।”

পুনর্বাসনের সুবিধায় আহত শ্রমিকদের একটি তালিকা তৈরির আহ্বানও জানান ইমরান।

তিনি বলেন, যে শ্রমিকরা একদিন শোষণমুক্ত দেশ গড়তে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলো, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের মাধ্যমেই শোষণমুক্ত সমাজ গঠন সম্ভব।”

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার আন্দোলনে শ্রমিকদের পাশে পাওয়ার প্রত্যাশা করেন ইমরান।

সমাবেশে বক্তব্যে জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার ভবন ধ্বসে দায়ীদের শাস্তির পাশাপাশি আহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান ।

পাশাপাশি শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ট্রেড ইউনিয়ন করার অধিকারও দেয়ার দাবি জানান তিনি।

ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ন সম্পাদক আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা মেজবাহ উদ্দিন আহমেদও এই দাবি জানান।

সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন বলেন, শ্রমিকদের আন্দোলন আর মৌলবাদবিরোধী আন্দোলন একাকার হয়ে গেছে। দুই লড়াইই চালিয়ে যেতে হবে।

ভবন ধসে শ্রমিকদের মৃত্যুর এ ঘটনাকে হত্যাকাণ্ড অভিহিত করে উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী বলেন, এজন্য ভবন ও কারখানা মালিকের সঙ্গে রাষ্ট্রও দায়ী।

লেখক সৈয়দ শামসুল হক, শাহরিয়ার কবীর,আনোয়ারা সৈয়দ হক, নারীনেত্রী খুশী কবির, অধ্যাপক এম এম আকাশ, অধ্যাপক আনোয়ার হোসেনও সমাবেশে বক্তব্য রাখেন।

প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান আর স্লোগানের মধ্যে বিকালে শোক সমাবেশের কার্যক্রম শুরু করে গণজাগরণ মঞ্চ।

শাহবাগে এতদিনের  চেনা স্লোগানের সঙ্গে মে দিবসে এই সমাবেশে শোনা যায় ‘দুনিয়ার মজদুর এক হও’, ‘শ্রমিকের সংগ্রাম চলছে চলবে’ স্লোগান।