২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শেষ ঠিকানা’ জুরাইন

সাভারে ভবন ধসে নিহত ৩২ জনের লাশ দাফন করা হলো জুরাইন কবরস্থানে, যাদের শেষ পরিচয় নির্ধারিত হবে শুধু একটি সংখ্যায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 01:21 PM

Updated : 23 Aug 2022, 10:41 AM

ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এই ৩২ জনের প্রত্যেকের ডিএনএ সংগ্রহ করে একটি নির্দিষ্ট ক্রমিকে তা সংরক্ষণ করছে। ওই ক্রমিক নম্বরের ভিত্তিতেই জুরাইনে তাদের দাফন করা হয়েছে। 

ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরে স্বজনদের কেউ লাশের দাবি নিয়ে এলে ডিএনএ পরীক্ষা করে দেহাবশেষ হস্তান্তরের ব্যবস্থা করা হবে।   

জেলা প্রশাসনের নির্বাহী হাকিম রেবেকা সুলতানা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে থাকা ২১টি ‘অসনাক্ত’ লাশের মধ্যে বুধবার দুপুরে একজনের পরিচয়পত্র পাওয়া যায়। এরপর স্বজনদের ডেকে হস্তান্তর করা হয় হাসিনা নামের সেই পোশাক শ্রমিকের লাশ।

আর একটি মরদেহের দাবিদার দুইজন হওয়ায় লাশটি মর্গেই রেখে দেয়া হয়। 

এরপর বেলা ২টার দিকে ঢাকা মেডিকেলের সামনে জানাজা শেষে ১৯ জনের মরদেহ নিয়ে যাওয়া হয় জুরাইন কবরস্থানে। একইভাবে মিটফোর্ড হাসপাতালের মর্গ থেকে আসে ১৪টি লাশ।

মিটফোর্ডে থাকা ১৭টি লাশের মধ্যে সুলতানা (২২) নামের এক পোশাক শ্রমিকের পরিচয় জানা যায় শেষ মুহূর্তে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হলেও দুটি লাশ মর্গে রাখা হয় একাধিক দাবিদারের কারণে।     

জুরাইন কবরস্থানে আরেক দফা জানাজার পর ফাহিমা নামের আরেকজনকে সনাক্ত করেন তার স্বজনরা। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সেখানেই তার লাশ হস্তান্তর করা হয় বলে নির্বাহী হাকিম খাদিজা বেগম জানান।

বিকাল ৩টার পর শুরু হয় দাফন। একে একে কবরে নামানো হয় ‘পরিচয়হীন’ ৩২টি লাশ। স্থানীয় বহু মানুষ এ সময় সেখানে ভিড় জমায়। স্বজনের লাশের খোঁজেও অনেকে আসেন।

মেডিকেল থেকে লাশ নিয়ে এসে দাফনের কাজ চলে আঞ্জুমানে মফিদুল ইসলামের তত্ত্বাবধানে। এ সংস্থার নির্বাহী পরিচালক কাজী আবুল কাশেম জানান, জুরাইনে ৬০টি কবর খুঁড়ে রাখা হয়েছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফজল মীর জানান, সাভারে উদ্ধারের পর এ পর্যন্ত মোট ৭০টি লাশ দুই হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর মধ্যে ৩৫টি লাশ সনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর একাধিক দাবিদার থাকায় মর্গে রাখা হয়েছে তিনটি মরদেহ।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয় বলে তিনি জানান। এদের মধ্যে পঞ্চগড়ের সেলিম রানা মারা যান বুধবার সকালে।

তার ভাই শহীদুল ইসলামের কাছে ইতোমধ্যে লাশ হস্তান্তর করে কর্তৃপক্ষ।

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজা’ ধসের ঘটনায় নিহতের সংখ্যা চার শতাধিক ছাড়িয়ে গেছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে বুধবার সেখানে চলছে অষ্টম দিনের উদ্ধার অভিযান।