চট্টগ্রামে মে দিবস পালিত
বন্দরনগরী চট্টগ্রামে মে দিবসের নানা কর্মসূচিতে উঠে এসেছে সাভার ভবন ধসের ঘটনাসহ বিভিন্ন পোশাক কারখানায় দুর্ঘটনার শিকার শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবি।
বুধবার শ্রমিক সংগঠনগুলো সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে লাল পতাকা হাতে সভা-সমাবেশ ও মিছিল করে শ্রমিকদের কাজের পরিবেশ নিরাপত্তা নিশ্চিত করা, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ করাসহ বিভিন্ন দাবিতে স্লোগান দেয়।
সকালে থিয়েটার ইনস্টিটিউটে নানা শ্রেণিপেশার ১২০ জন প্রবীণ শ্রমিককে সংবর্ধনা দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ সময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেন সিটি মেয়র এম মনজুর আলম।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) সকালে মহান মে দিবস উপলক্ষে মিছিল-সমাবেশ করেছে। সমাবেশ থেকে কর্মক্ষেত্রে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়েছে।
মে দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করে ট্রেড ইউনিয়ন কেন্দ্র, পরিবহন শ্রমিকদের বিভিন্ন সংগঠন, জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
নাসিমন ভবনস্থ নগর বিএনপির দলীয় কার্যালয় থেকে সকালে শোভাযাত্রা বের করে জাতীয়তাবাদী শ্রমিক দল।
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা (সিইপিজেড) মোড়ে সমাবেশ করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি। এছাড়া বিকালে টাইগার পাস মোড়ে পুনরায় সমাবেশ করবে সংগঠনটি।
বিকাল চারটায় চট্টগ্রাম বন্দরের ১ নং জেটি গেইটে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রাক, কাভার্ড ভ্যান, পণ্য পরিবহন শ্রমিকদের সমাবেশ।
বিকেলে নগরীর ডিসি হিলে উদীচী, প্রমা, বোধনসহ বিভিন্ন সংগঠন মহান মে দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
