২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাভারের শোক শক্তি হোক’

সাভারে ভবন ধসে শত শত শ্রমিকের মৃত্যুতে শোকের মধ্যেই বাংলাদেশ স্মরণ করছে ১২৭ বছর আগের সেই দিনটিকে, যেদিন অধিকার আদায়ের দাবিতে আন্দোলনরত শ্রমজীবী মানুষের রক্ত ঝরেছিল শিকাগোর রাস্তায়।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2013, 03:36 AM

Updated : 23 Aug 2022, 10:41 AM

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা করা এবং সপ্তাহে একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে। এরই ধারাবাহিকতায় সে বছর ১ মে ধর্মঘট চলাকালে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ।

ওই দিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।

১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়।

পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতি আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে। বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দিবসটি পালন করছে বিভিন্ন সংগঠন। মে দিবস উপলক্ষে বুধবার সরকারি ছুটি।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পোশাক শ্রমিকসহ চার শতাধিক মানুষের মৃত্যুর পর কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে মালিকদের অবহেলার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। আগের দিন ফাটল ধরার পরও ওই ভবনে থাকা পাঁচ পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।

বিভিন্ন শ্রমিক সংগঠনের বক্তব্যে সাভারের শোককে শক্তিতে পরিণত করে অধিকার আদায়ের প্রত্যয় যেমন ধ্বনিত হয়েছে, তেমনি মে দিবসের সরকারি প্রতিপাদ্যেও উঠে এসেছে বিষয়টি।     

সরকার এ বছর দিবসটি পালন করছে ‘নিরাপদ কর্মপরিবেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগান নিয়ে। সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় মে দিবসের অনুষ্ঠানেও কিছুটা পরিবর্তন এনেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

বুধবার সকালে শ্রম ভবন থেকে দৈনিক বাংলা মোড় হয়ে বায়তুল মোকররমের উত্তর দিকে পল্টন মোড় ঘুরে প্রেসক্লাব পর্যন্ত শোভাযাত্রার আয়োজন হলেও এবার সাংস্কৃতিক অনুষ্ঠান বাদ দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘মে দিবস মেলার’ উদ্ভোধন করবেন । আন্তজার্তিক শ্রম সংস্থাসহ (আইএলও) বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকবে এ মেলায়।

দেশে শ্রমিক-কর্মচারীদের সবচেয়ে বড় জোট ‘শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) উদ্যোগে সকাল ১০টা থেকে প্রেসক্লাব প্রাঙ্গণে সমবেত হবেন শ্রমিকরা।

একই সময়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) উদ্যোগে শ্রমিক সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে।

এছাড়া বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট, জাতীয় নিট ডাইং গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফোরাম, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফোরাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব), শ্রমিক জোট-বাংলাদেশ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, জাগো বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ইন্সটিটিউট অফ লেবার স্টাডিজসহ বিভিন্ন শ্রমিক সংগঠন সকাল থেকেই সমাবেশ, শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণতান্ত্রিক বাম মোর্চাসহ বামপন্থী দলগুলোও সভা ও সমাবেশে পালন করবে শ্রমিকের অধিকার আদায়ের দিনটি।

সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের স্মরণে মে দিবসের বিকালে নাগরিক শোক সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। শাহবাগের প্রজন্ম চত্বরে বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে বলে মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুল জানান।

মে দিবসের বাণীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বিশ্বের সব শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে বলেছেন, “একটি দেশের উৎপাদন, উন্নয়ন ও সামগ্রিক অগ্রগতিতে শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। মেহনতি মানুষের কল্যাণ ও ভাগ্য পরিবর্তনের সাথে দেশের ভাগ্যোন্নয়ন জড়িত।”

শ্রমজীবী মানুষের অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও বিপুল জনগোষ্ঠীকে জনশক্তিতে পরিণত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

অধিকারের দাবিতে প্রাণ দেয়া শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, “মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য ও সুসম্পর্ক বজায় রাখতে এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা বিভিন্নমুখী কর্মসূচি বাস্তবায়ন করছি। জাতীয় শিশু শ্রমনীতি ২০১০ এবং জাতীয় শ্রমনীতি ২০১২ প্রণয়ন করা হয়েছে।

“আমি আশা করি, মহান মে দিবসের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রমিক এবং মালিক পরস্পর সুসম্পর্ক বজায় রাখার মাধ্যমে কল-কারখানার উৎপাদন বৃদ্ধিতে আরও নিবেদিত হবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সক্ষম হব।”

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এক বিবৃতিতে বলেন, “মে দিবসের প্রেরণায় উজ্জীবিত হয়ে বিশ্বের কোথাও কোথাও যেমন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও শোষণ-বঞ্চনা বহুলাংশে দূরীভূত হয়েছে আবার বিভিন্ন স্থানে নিপীড়িত শ্রমিকরা আজো তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত রয়েছেন।”

‘অস্তিত্বের স্বার্থে’ সব ধরনের অন্যায়, জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে লড়াই অক্ষুন্ন রেখে নিজেদের অধিকার আদায় করে নেয়ার জন্য শ্রমজীবী মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফয়জুর রহমান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান, মে দিবস উপলক্ষে শোভাযাত্রা ও মে দিবস মেলা ছাড়াও আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।