২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসে শাহবাগে নাগরিক শোক সমাবেশ

সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত শ্রমিকদের স্মরণে মে দিবসে নাগরিক শোক সমাবেশ করবে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 07:28 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ব্লগার মারুফ রসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভবন ধসের এ ঘটনায় নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্বঘোষিত শ্রমিক সমাবেশের বদলে শোক সমাবেশ পালন করা হবে।”

শাহবাগের প্রজন্ম চত্বরে বিকাল ৪টায় এ সমাবেশ শুরু হবে বলে মারুফ রসুল জানান।

গত ২৪ এপ্রিল রানা প্লাজায় ধসের ঘটনায় এর আগে গত ২৯ এপ্রিলের আইন মন্ত্রণালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি এবং ৩০ এপ্রিল জাতীয় সংসদের সামনে মানব বন্ধন স্থগিত করে গণজাগরণ মঞ্চ।

যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত নিষিদ্ধের দাবিতে গত ৫ ফেব্রুয়ারি শাহবাগে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টরা। পরে তা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং জনতার আন্দোলনে পরিণত হয়।

সাভারে ভবন ধসে আহতদের জন্য শাহবাগে জাগরণ মঞ্চের পক্ষ থেকে রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয়।