২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা গ্রেপ্তার: র‌্যাবকে পুরস্কার দিল বিজিএমইএ

সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানাকে গ্রেপ্তার করায় র‌্যাবকে ৫ লাখ টাকা ‘পুরস্কার’ দিয়েছে বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:17 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

ওই অর্থ সাভারের ভবন ধসে হতাহতদের পুনর্বাসনের জন্য ব্যয় করা হবে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যায় বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম তাকে ডেকে রানাকে গ্রেপ্তার করায় ধন্যবাদ জানান এবং পুরস্কার হিসাবে ৫ লাখ টাকার চেক তুলে দেন।

তিনি বলেন, “আমি চেক গ্রহণ করে তাৎক্ষণিকভাবে ঘোষণা করি চেকের এই টাকা সাভারের ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হব।”

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের পাশে কথিত যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয় তলা ভবনটি ধসে পড়ে, যার তৃতীয় তলা থেকে ওপরের দিকে পাঁচটি পোশাক কারখানা ছিল।

সোমবার রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেপ্তার করে র‌্যাব। এছাড়া পাঁচ কারখানার চার মালিককেও গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। 

রানা ও কারখানা মালিকদের বিরুদ্ধে সাভার থাকায় দুটি এবং শ্রম আদালতে পাঁচটি মামলা হয়েছে।