২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে চকলেট কারখানা মালিকের জরিমানা

ফেনীর বিসিক শিল্পনগরীতে ভ্রাম্যমাণ আদালত এক চকলেট কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা এবং ওই প্রতিষ্ঠানের মালামাল জব্দ করে ধ্বংস করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 05:13 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

মঙ্গলবার বিকেলে ‘জেএস এগ্রো ফুড এন্ড বেভারেজ’ নামের ওই কারখানায় ক্ষতিকর রং ও মোম মিশিয়ে চকলেট তৈরী এবং ভুয়া লেবেল লাগিয়ে বিক্রির দায়ে আদালত এসব সাজা দেয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ফেনী বিসিক শিল্প নগরীতে এই আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও ফেনী সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মাদ মনসুর উদ্দিনের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।

এ সময় আদালত ‘জেএস এগ্রো ফুড এন্ড বেভারেজ’ এর কারখানায় ক্ষতিকর রং ও মোম মিশিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে চকলেট তৈরী করতে দেখে। এসব চকলেটে ভুয়া লেবেল লাগিয়ে বিক্রী করে ক্রেতা সাধারণের সাথে প্রতারণা করার দায়ে বিশুদ্ধ খাদ্য আইনে ওই প্রতিষ্ঠানের সত্বাধিকারী জহির আহাম্মদকে (৪০) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় বিপুল পরিমাণ চকলেট, অবৈধ লেবেল, বিভিন্ন রং ও মোম ধ্বংস করা হয়। আদালত ওই প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ও স্বাস্থ্য বিভাগের সনদ বাতিলের জন্যও ফেনী পৌরসভাকে নির্দেশ দিয়েছে।