২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেকুর খোঁচায় বেরিয়ে আসছে বিচ্ছিন্ন অঙ্গ

ভারী যন্ত্র ভেকুর খোঁচায় রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বের হয়ে আসছে মৃতদেহের হাত-পা-মাথা। ধসে পড়া ইট, বালু, রড, সিমেন্ট ও বিমের নিচ থেকে উঠে আসছে দেহের নানা অংশবিশেষ।

সেলিম আহমেদ

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 04:38 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

ভারী যন্ত্র ব্যবহার করে দ্বিতীয় পর্যায়ের উদ্ধার অভিযানে এ পর্যন্ত ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সাভারে ধসে পড়া ভবনটির পূর্ব পাশে মঙ্গলবার দুপুরে এ মর্মান্তিক দৃশ্য দেখা যায়। তখন বেলা সাড়ে ১১টা। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা ধ্বংসস্তূপ অপসারণের কাজ করছিলেন।

উচ্চ ধারণক্ষমতার দুটি ভেকুর সহায়তায় ধসে পড়া ছাদের স্ল্যাব, বিম, ইট ও বালুর স্তুপ সরাচ্ছিলেন।

হঠাৎ এক সেনা কর্মকর্তা  চিৎকার করে উঠলেন- স্টপ! ডেড বডি দেখা যাচ্ছে। হকচকিয়ে ওঠেন বুল ডোজার চালক। বন্ধ করেন মেশিন। ছোটাছুটি শুরু করেন রেড ক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়াররা।

উপস্থিত হন সিআইডির ক্রাইম সিন বিভাগ। সেনা কর্মকর্তারা অকুস্থলে ছুটে যান। দেখতে পান- ধ্বংসস্তুপের নিচ থেকে বেরিয়ে এসেছে দুটি পা। 

ফুলে-ফেপে ঢোল হয়ে আছে। পাশেই পড়ে আছে পুরুষের ব্যবহৃত প্লাস্টিকের একটি স্যান্ডেল। ছিল হাফ হাতা শার্ট। তা দেখেই শনাক্ত করা হল- এটি পুরুষের মরদেহ।

এরপর সেনা কর্মকর্তারা ওই মৃতদেহের চারপাশে আরও গর্ত খুড়তে লাগলেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর দেখা গেল, হতভাগা লোকটির দেহের বেশিরভাগ অংশই একটি বিমের নিচে চাপা পড়ে আছে।

যখন উদ্ধার হল- ততক্ষণে বোঝার উপায় ছিল না আসলে তিনি পুরুষ না নারী। শরীর থেকে খসে পড়েছে মাংস। বেরিয়ে  এসেছে বুকের খাঁচা। থেতলে গেছে ধর ও মাথা।

সকাল থেকে পাঁচটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যাদের বেশিরভাগই ছিল গলিত ও অর্ধগলিত অবস্থায়।

প্রত্যক্ষদর্শী সেনা কর্মকর্তারা জানান, এখনও ধসে পড়া মূল ভবনের অপসারণ শুরু হয়নি। শুধু ভবনের পাদদেশের ধংসস্তূপ সরানো হচ্ছে।এতেই পাওয়া যাচ্ছে মৃতদেহের অংশবিশেষ। তাদের আশঙ্কা- মূল ভবন অপসারণের পর না জানি মিলবে কত লাশ।

সাভারে বহুতল ভবন ধসে নিহতের সংখ্যা প্রায় চারশ’তে পৌঁছেছে। তাদের প্রায় সবাই পোশাক শ্রমিক। ভবনের ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২,৪৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৪শ’রও বেশি শ্রমিক।