২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানা চালু রাখতে হবে: প্রধানমন্ত্রী

সাভারে ভবন ধসে বিপর্যয়ের ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত হয়ে কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 02:05 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

তিনি বলেছেন, “শ্রমিক ভাইদের বলব, এ বিপদে মাথা ঠাণ্ডা রাখতে হবে। ইন্ডাস্ট্রি সচল রাখতে হবে।”

দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের তিনি সতর্ক করে দেন, “ইন্ডাস্ট্রি চালু না থাকলে কাজ হারাতে হবে। গ্রামে ফিরে যেতে হবে।”

মঙ্গলবার সংসদের সপ্তদশ অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডের নয়তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা, গাজীপুর, আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ-ভাংচুর করে আসছে পোশাক শ্রমিকরা। এ কারণে এসব এলাকায় প্রায় প্রতিদিনই কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

উদ্ভূত পরিস্থিতিতে শনি ও রবিবার সারা দেশে সব পোশাক কারখানা বন্ধ রাখে বিজিএমইএ ও বিকেএমইএ।

প্রধানমন্ত্রী তার সমাপনী বক্তৃতায় সাভারের ভবন ধসের পর সরকারের উদ্ধার কার্যক্রম এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি জানান, ভবন ধসের ঘটনায় মঙ্গলবার পর্যন্ত ৪০৮ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ২ হাজার ৪৪২ জনকে।

এছাড়া জেলহত্যা মামলার চূড়ান্ত রায় এবং সর্বপ্রথম একজন নারী দেশের স্পিকার হওয়ায় নিজের প্রতিক্রিয়াও তুলে ধরেন শেখ হাসিনা।

শিরীন শারমিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার নির্বাচিত হওয়ায় সরকার প্রধান বলেন, “আমরা ইতিহাস সৃষ্টি করলাম।আমাদের পাশাপাশি দু’দেশে মহিলা স্পিকার। আমরা কেন পিছিয়ে থাকব।”

ভারতের লোকসভার মীরা কুমার এবং পাকিস্তানে ফাহমিদা মির্জা স্পিকারের দায়িত্ব পালন করে আসছেন।

দেশের সর্বোচ্চ আদালতে ‘জেলহত্যা’ মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, “আমরা রায় পেয়েছি। কলঙ্কের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। জেলহত্যা মামলার রায় কার্কর হবে। জাতি কলঙ্ক মুক্ত হবে।”

জিল্লুর রহমানের মৃত্যুর পর আব্দুল হামিদকে নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচন এবং তার শপথ নেয়ার বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বেদনা বুকে চেপে রেখেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে হয়েছে।”

গত ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের দিন বিকালেই দেশের ২০তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন আব্দুল হামিদ।

যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, “এই অপেরাধীদের কেউ যেনো বাঁচানোর চেষ্টা না করে। এই বিচার হবে। এই বিচারের রায় কার্কর হবে।”

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে যখন উদ্ধার কাজ চলছে এবং সাধারণ মানুষ আহতদের চিকিৎসার জন্য রক্ত দিচ্ছে, তখন তাতে অংশ না নিয়ে ভাংচুর-অগ্নিসংযোগে লিপ্ত হওয়া শ্রমিকদের সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “যখন দরকার বিপদে পাশে দাঁড়ানো, তখন তা না করে ক্ষোভ প্রকাশ- এটা কোন ধরনের ক্ষোভ?”
‘শ্রমিক নামধারী’ যারা এই ‘ধ্বংসাত্মক কর্মকাণ্ডে’ অংশ নিয়েছে ভিডিও দেখে তাদের সনাক্ত করতে অধিবেশন কক্ষে উপস্থিত স্বরাষ্ট্র মন্ত্রীকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “আমরা বিশ্বাস এরা সকলে শ্রমিক নয়। এরা কার স্বার্থে এগুলো করছে?”

‘শ্রমিক নামধারীরা’ শিল্প-কলকারখানা ভাংচুর করলে প্রকৃত শ্রমিকদের ক্ষতি হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, “ইন্ডাস্ট্রি ভাংচুর করে লাভ কার? শিল্প বন্ধ হলে কী তারা কাজ পাবে?”

রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তদের পূনর্বাসনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে সরকার প্রধান বলেন, “যারা আপনজন হারিয়েছে, তাদের তো ফেরত দিতে পারব না। তবে, যারা বেঁচে আছেন- তাদের জীবন যেন দূর্বিষহ না হয়- সে ব্যবস্থা আমরা নেব।”

যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা চালিয়ে যাওয়ার কথা বলেন শেখ হাসিনা।

রানা প্লাজার মালিক এবং ওই ভবনের পোশাক কারখানার মালিকদের গ্রেপ্তারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “দোষী যারা অবশ্যই তাদের শাস্তি হবে।”

এই উদ্ধারকাজে সেনাবাহিনী, ফায়ার ব্রিগেডসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের অংশ গ্রহণের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “এটা অভূতপূর্ব ঘটনা। মানুষের জন্য মানুষ। মানবতার জন্য মানব।”

বিগত বিএনপি সরকারের সময়ে ২০০৫ সালে ‘স্পেকট্রাম’ গার্মেন্ট ধসের দুদিন পরই উদ্ধার কাজ পরিত্যাক্ত ঘোষণার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এবার আমার নির্দেশ, একটি মানুষও জীবিত থাকলে উদ্ধার কাজ চালাতে হবে।”

উদ্ধার অভিযানের পঞ্চম দিন রানা প্লাজার ধ্বংসস্তূপে শাহিনা নামের এক শ্রমিকের মৃত্যুকে ‘সবচেয়ে দুঃখজনক’ ঘটনা হিসাবে অভিহিত করেন প্রধানমন্ত্রী।

শাহিনাকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ উদ্ধারকর্মী এজাজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সে ২৪ তারিখ থেকে ভলেন্টারি সার্ভিস দিয়েছে। নিজের পরিবার ছেড়ে ওখানে ছিল। সে এভাবে মারা যেতে পারে না।”

“আমি ওকে আজকে সিএমএইচে দেখতে গিয়েছিলাম। পুরো মুখ পুড়ে গেছে। বউটা ছোট মেয়ে। এজাজের মেয়ে আমাকে বলল, ‘আমি আমরা বাবাকে দেখবো’।”

ফাটল দেখার পরও শ্রমিকদের জোর করে কাজে পাঠানোয় মালিকদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ধসের সময় ভেতরে আটকা পড়া শিল্প পুলিশের দুই সদস্য উদ্ধার পাওয়ার পর তাকে জানিয়েছেন, শ্রমিকদের বের হয়ে আসার অনুরোধ জানাতেই তারা ওই ভবনে গিয়েছিলেন।