‘গ্রেপ্তারের পর গণমাধ্যমে হাজির কেন অবৈধ নয়’
সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছে হাই কোর্ট।
বিভিন্ন সময়ে গ্রেপ্তার বা আটক ব্যক্তিদের সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমের সামনে হাজির করা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং এভাবে হাজির না করার নির্দেশ কেন দেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছে আদালত।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেনকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক ড. গীতি আরা নাসরীন, অধ্যাপক রফিকউল্লাহ খান, রোবায়েত ফেরদৌস এবং ফাহমিদুল হক গত ৭ এপ্রিল রিট আবেদনটি দায়ের করেন।
আদালতে তাদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তাকে সহায়তা করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া ও জায়দী হাসান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার।
গত ১ এপ্রিল রাতে রাজধানীর ইন্দিরা রোড, পলাশী ও মনিপুরি পাড়া এলাকা থেকে ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের সময় ‘জব্দ’ কম্পিউটার, ল্যাপটপসহ তিন ব্লগারকে গণমাধ্যমের সামনে হাজির করা হয়।
গ্রেপ্তারকৃত বা সন্দেহভাজন হিসেবে আটক কোনো ব্যক্তিকে গণমাধ্যমের সামনে হাজির না করতে গত বছরের ডিসেম্বরেও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।
এবারের রিট আবেদনে বলা হয়, বাদীরা গত ২ এপ্রিল দেশবাসীর সঙ্গে গণমাধ্যমে পারভেজ, বিপ্লব ও শুভকে দেখেছেন। ঢাকা মেট্টোপলিটন পুলিশের শাখার উদ্যোগে ওই সম্প্রচারে তাদের ‘ব্লগার, নাস্তিক এবং প্রকৃতিবাদী’ হিসাবে পরিচয় করিয়ে দেয়া হয়। কোনো সুনির্দিষ্ট অভিযোগ দাঁড় না করাতে পারলেও সেখানে তাদেরকে মহানবী (স.) সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য দায়ী করে পুলিশ। এ কারণেই তারা আবেদনটি দায়ের করেন।
পুলিশ একইদিন ওই তিন ব্লগারকে মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয়। পরে গ্রেপ্তার করা হয় ব্লগার আসিফ মহিউদ্দিনকেও।
এদের মধ্যে শুভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র। আর বিপ্লব ও রাসেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। রাসেল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানের ছাত্র ছিলেন।
তাদের গ্রেপ্তারের প্রতিবাদে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টরা বিভিন্ন কর্মসূচিও পালন করে।
