২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইরের চাপ নয়, প্রয়োজন শ্রমিক ইউনিয়ন: আবেদ

বাংলাদেশি পোশাক বর্জনের মধ্য দিয়ে নয়, পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ দিলেই ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলে মনে করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 12:52 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগের মধ্যে সোমবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক নিবন্ধে তিনি এ কথা বলেন।

সাভারের এই ঘটনাকে ফজলে হাসান আবেদ উল্লেখ করেছেন স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসের অন্যতম দুঃখজনক ঘটনা হিসাবে, কারণ এই বিপুল সংখ্যক প্রাণহানি ‘সহজেই এড়ানো সম্ভব ছিল’।   

সাভারের ঘটনার কারণে বাংলাদেশি পোশাক কেনা বন্ধ করে দিলে কোনো সমাধান আসবে না বলেও পশ্চিমা ক্রেতাদের সতর্ক করেছেন ব্র্যাক চেয়ারম্যান। 

তিনি বলেন, “নিজের গায়ে যে কাপড়টি জড়ানো রয়েছে তা বিপদজনক পরিবেশে বসে কিছু মানুষ দীর্ঘক্ষণ ধরে সেলাই করেছেন জানতে পেরে পশ্চিমারা যে অস্বস্তি বোধ করছেন আমি তাদের সেই অনুভূতিকে সম্মান জানাই।

“বাংলাদেশের পোশাক কারখানাগুলোর নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কীভাবে এদেশের সরকার ও কারখানা মালিকদের চাপ দেয়া যায়- ধনী দেশগুলোর নাগরিকরা এখন তা ভেবে দেখবেন, এটাই স্বাভাবিক।”

কিন্তু বাংলাদেশি পোশাক কেনা বন্ধ করলে তা এ দেশের শ্রমিকদের জন্য কল্যাণকর হবে না বলে মন্তব্য করেন তিনি।

ফজলে হাসান আবেদ বলেন, “গার্মেন্ট শিল্প থেকে যে অর্থনৈতিক সুবিধা এসেছে তা বাংলাদেশে আর্থসামাজিক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”

এ দেশের প্রায় ২০ বিলিয়ন ডলারের পোশাক শিল্প খাতে কাজ করছেন ৩০ লাখ নারী শ্রমিক।

“দারিদ্র নিরসনে আমি জীবন উৎসর্গ করেছি। আমি জানি, বাংলাদেশ থেকে যারা পোশাক কিনে নেয়, তাদের পণ্য বর্জনে শুধু সেই সব মানুষের দুর্দশাই বাড়বে যাদের পক্ষে খাবার যোগাড় করাই কঠিন।”

সাভারের মতো ঘটনা যদি বার বার ঘটে তাহলে ক্ষুদ্রঋণে সাফল্য, জীবন মানের উন্নয়ন, মাতৃ ও শিশুমৃত্যু কমিয়া আনা, স্কুলে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করার মতো অর্জনগুলো অর্থহীন হয়ে পড়বে বলেও সতর্ক করে দেন ব্র্যাক প্রধান। 

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশকেই সবার আগে এগিয়ে আসতে হবে বলে মনে করেন ফজলে হাসান আবেদ।

তিনি বলেন, “যারা মানুষের জীবনকে এ ধরনের ঝুঁকির মধ্যে ফেলছে তাদের জবাবদিহির আওতায় আনতে আমাদের দেশে রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।”

আর এ জন্য কারখানা মালিক, উন্নয়ন সংস্থা এবং পশ্চিমা ক্রেতাসহ বেসরকারি খাতের সহায়তা প্রয়োজন বলে মত দেন তিনি।

শ্রমিকদের দিয়েই সংকট সমাধানের সূচনা হবে মন্তব্য করে তিনি বলেন, “তাদের সংগঠিত হওয়ার সুযোগ দিতে হবে, যাতে তারা নিজেদের অধিকারের প্রশ্নে দর কষাকষি করতে পারে এবং কারখানার নিরাপত্তা রক্ষা ও বেতন-ভাতার জন্য মালিকপক্ষের ওপর চাপ দিতে পারে।

”শ্রমিকদের ‘সংগঠিত শক্তিই’ কারখানা মালিক ও রাজনীতিকদের জবাবদিহির আওতায় আনতে পারে বলেও মনে করেন তিনি।