কর্ণফুলীর ২ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা
ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে কর্ণফুলী পেপার মিলের (কেপিএম) দুই কর্মকর্তার বিরুদ্ধে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুপুরে কাপ্তাই থানায় দায়ের করা এসব মামলায় অভিযুক্তরা হলেন- কেপিএম’র অতিরিক্ত প্রধান হিসাব নিরীক্ষক ও হিসাব শাখার বিভাগীয় প্রধান মো. গোলাম ফারুক এবং সহকারী প্রধান হিসাব রক্ষক আবুল কালাম আজাদ।
দুদকের সম্বন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহকারী পরিচালক মো. ফয়সাল বাদী হয়ে মামলাগুলো করেন। তাদের বিরুদ্ধে সর্বমোট ৯ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ২৫৩ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলি করা হয়েছে বলে জানান দুদকের উপ পরিচালক মো. শহীদুল্লাহ।
তিনি আরো জানান, প্রথম মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কাগজ উৎপাদনের জন্য টেলকম পাউডার ক্রয় করার ক্ষেত্রে ৯ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৭০৫ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনা হয়।
বাকি দুই মামলায় বিদেশে রপ্তানিকৃত পণ্য চট্টগ্রাম বন্দরে বেশি সময় ধরে রেখে যথাক্রমে ২ লাখ ৫৬ হাজার ১৪১ টাকা এবং ৩৩ লাখ ৪৪ হাজার ৪০৭ দশমিক ৯০ টাকা অতিরিক্ত ব্যয় এবং আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
