২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'চাকরি পাবে ভবন ধসে ক্ষতিগ্রস্তরা'

সাভারে ভবন ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 10:59 AM

Updated : 25 Apr 2022, 06:40 PM

প্রধানমন্ত্রী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা বলেন, “সাভারের ঘটনায় আহতদের এবং নিহতদের পরিবারের সদস্যদের পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

সাভারে রানা প্লাজা ধসে ওই ভবনে অবস্থিত গার্মেন্ট কারখানার এক হাজার শ্রমিককে চামড়াজাত পণ্যের শিল্পে কর্মংস্থানের ব্যবস্থা করার কথাও বলেন প্রধানমন্ত্রী। বাকি শ্রমিকদের পোশাক শিল্পে চাকরি দেওয়া কথাও বলেন শেখ হাসিনা।

বিরোধীদলের হরতালসহ বিভিন্ন কর্মসূচিতে জরুরি সেবার যানবাহনে অগ্নিসংযোগের ঘটনার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, “ফায়ার ব্রিগেডের গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। যুদ্ধের সময়ও ফায়ার ব্রিগেড এবং অ্যাম্বুলেন্স পোড়ানো হয় না।”

রানা প্লাজা ধসে যারা আহত হয়েছেন তারা পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের চিকিৎসা চালিয়ে যাওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।

রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে এক পোশাককর্মীকে উদ্ধার করতে গিয়ে মারাত্মক অগ্নিদগ্ধ উদ্ধারকারীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর কথা উল্লেখ করেন শেখ হাসিনা।

রানা প্লাজার ধ্বংসস্তুপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে সাধারণ মানুষের অংশগ্রহণকে ‘অভুতপূর্ব' ঘটনা হিসাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এজন্যই এতো দ্রুত, এতো মানুষকে উদ্ধার করা গেছে।”

যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। শুরু যখন হয়েছে, শেষ হবে। বাংলার মানুষকে কলংকমুক্ত করবো।”

যুদ্ধাপরাধীদের বিচারের কাজ এগিয়ে নিতে সবার সহযোগিতা চেয়ে শেখ হাসিনা বলেন, “এদের ধ্বংসাত্মক কাজের বিরুদ্ধে জনগণকে সচেতন করতে হবে।”

এ সময়, আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও তৌফিক ই এলাহী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম, বিএমএ এর সভাপতি মাহমুদুল হাসান ও মহাসচিব ইকবাল আর্সনাল প্রমুখ।