২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে দুর্নীতির মামলায় ব্যবসায়ী দণ্ডিত

দুর্নীতি দমন কমিশন-দুদকের অর্থ আত্মসাতের মামলায় এক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ফরিদপুরের একটি আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2013, 09:58 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

এছাড়া ওই ব্যবসায়ীকে ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।

মঙ্গলবার বিশেষ জজ আদালতের বিচারক মো. শফিকুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডিত আল-মাহমুদ আদালতে উপস্থিত ছিলেন না।

দুদকের আইনজীবী এস এম কায়সার রহমান সাংবাদিকদের বলেন, শহরের মিয়াপাড়ার মাহমুদ ব্রাদার্সের স্বত্বাধিকারী আল-মাহমুদ প্রতারণার মাধ্যমে ২০০৪ সালে উত্তরা ব্যাংকের গোপালগঞ্জ শাখা থেকে ৩৮ লাখ ৬৫ হাজার ৫৮১ টাকা আত্মসাত করেন।

এ ঘটনায় দুদকের সহকারী পরিদর্শক মো. নাসিরউদ্দিন খান বাদী হয়ে আল-মাহমুদ ও ব্যাংকের শাখা ব্যবস্থাপক আব্দুল গাফফার মোল্লাকে আসামি করে গোপালগঞ্জ থানায় একটি মামলা করেন।

মামলার চলাকালে ব্যবস্থাপক গাফফার মোল্লা মারা গেলে তাকে বাদ দিয়ে আল-মাহমুদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা।

এক বছর আগে ব্যবসায়ী আল-মাহমুদ জামিনে মুক্ত হয়ে আত্মগোপন করেন বলে জানান এই আইনজীবী।