ময়মনসিংহে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ
পারিবারিক কলহের জের ধরে ময়মনসিংহ শহরে এক গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ।
মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গৃহবধূ শম্পা আক্তার মারা যান।
এ ঘটনায় নিহতের শ্বশুর আব্দুল বারীকে আটক করেছে পুলিশ। স্বামী মাসুদ রানা পলাতক।
শম্পা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চালচা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।
এক বছর আগে ময়মনসিংহ শহরের এসকে হাসপাতালের ব্রাদার আব্দুল বারীর ছেলে মাসুদ রানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের কহল চলে আসছিল।
কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানান, শম্পা মারা যাওয়ার আগে চিকিৎসক রাসেল মাহমুদের কাছে জবানবন্দী দিয়েছেন।
পারিবারিক কহলের জের ধরেই সোমবার দুপুরে আব্দুল বারীর সহযোগিতায় মাসুদ রানা তার গায়ে আগুন দেয় বলে চিকিৎসককে জানিয়েছেন।
পরে শ্বশুর ‘অজ্ঞাত’ ব্যক্তি হিসাবে তাকে মমেক হাসপাতালে ভর্তি করেন।ভোরে শম্পা মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই মুশফিকুর।
