২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবন ধস: ক্ষতিপূরণ দেবে প্রাইমার্ক 

সাভারে বহুতল ভবন ধসে হতাহতদেরকে ক্ষতিপূরণ ও খাদ্য সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যে তৈরি পোশাকের চেইনশপ প্রাইমার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ডেস্ক রিপোর্ট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 07:13 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

বিবিসি জানিয়েছে, প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্তদেরকে তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি সহায়তা দেবে। ভবন ধসে বাবা-মা হারানো শিশুদেরকেও সহায়তা করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রানা প্লাজায় থাকা কারখানাগুলো প্রাইমার্কের অন্যতম সরবরাহকারী হিসেবে কাজ করতো বলে বিবিসি জানায়।

গত ২৪ এপ্রিল সাভারের নয় তলা ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে, যাতে পাঁচটি পোশাক কারখানা ছিল। এঘটনায় এখন পর্যন্ত প্রায় চারশ জন নিহত হয়েছে।

বাংলাদেশের এই ভবন ধস বিশ্বজুড়ে আলোচিত।

প্রাইমার্ক এক বিবৃতিতে বলেছে, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি খাদ্য সহায়তাসহ অন্যান্য জরুরি সাহায্য দিতে আমরা একটি স্থানীয় এনজিও’র সঙ্গে কাজ করছি। ক্ষয়ক্ষতির ব্যাপকতা নির্দিষ্ট করার পর সহায়তা শুরু হবে।”

প্রাইমার্ক বাবা-মা হারানো শিশুদের জন্য দীর্ঘ মেয়াদি সহায়তা এবং আহত ও নিহতদের জন্য আর্থিক সহায়তা দেয়ার আশ্বাস দিয়েছে।