‘অর্থমন্ত্রী কবিতা পড়েন, কল্পলোকে থাকেন’
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘নট স্ট্যাবল’ বলে মনে করেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম।
সংসদে সোমবার ‘এক্সচেঞ্জেস ডিমিউচচ্যুয়ালাইজেশন বিল’ পাসের প্রক্রিয়ায় বক্তব্য দিতে গিয়ে ফজলুল আজিম পুঁজিবাজার নিয়ন্ত্রণে অর্থমন্ত্রীর ভূমিকার সমালোচনা করেন।
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে আজিম বলেন, “উনি অস্থির মানুষ। হি ইজ নট স্ট্যাবল।”
আজিম বলেন, “আগে আমি অর্থমন্ত্রীর অপসারণ চেয়েছি। শেষ বেলায় এতে তা চাইব না আর। আমি চাই, উনি সরকারের বাকি সময়ে ধীর-স্থিরভাবে বুদ্ধিমত্তা দিয়ে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।”
রাজধানীর শিল্পকলা একাডেমিতে শনিবার বিশ্ব ব্যাংক আয়োজিত দক্ষিণ এশীয় চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ছবি: আসাদুজ্জামান প্রামানিক/ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ ঢাকা, অক্টোবর ০৬, ২০১২
আজিম বলেন, “উনি গল্প লেখেন, কবিতা পড়েন। উনি সাহিত্য নিয়ে ব্যস্ত থাকেন। উনি তো কল্পলোকে বাস করেন। আপনাকে জাতি কেনো অর্থমন্ত্রী হিসেবে রেখেছেন? হোয়াই নেশন কেপ্ট ইউ এজ এ ফাইন্যান্স মিনিস্টার?”
এসময় ভারপ্রাপ্ত স্পিকার শওকত আলী ‘আপনি অনেক ভালো কথা বলেছেন’- এমন কথা বলে আজিমের বক্তব্য শেষ করার আহ্বান জানান।
বর্তমান সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমলা-উপদেষ্টা নিয়ে চালানোয় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ব্যর্থ বলে হয়েছে বলে মনে করেন এ স্বতন্ত্র সাংসদ।
আজিমের বক্তব্যের জবাবে অর্থমন্ত্রী বলেন, “সম্মানিত সদস্য যেসব বক্তব্য রেখেছেন তার ওপর মন্তব্য করা সাজে না। উনার মনে হয় আমলা নিয়ে সমস্যা আছে। উনার রাজনীতি যতদিন তার চেয়ে বেশি আমি পাবলিক সেক্টরে কাজ করেছি। এভাবে কথা বলা অনুচিত।”
আজিমের সংশোধনী প্রস্তাবগুলো নাকচ করে ‘এক্সচেঞ্জেস ডিমিউচচ্যুয়ালাইজেশন বিল’ কণ্ঠভোটে পাস হয়।
বিরোধী দলের অনুপস্থিতিতে সংসদের এ অধিবেশন চলছে। একমাত্র স্বতন্ত্র এ সাংসদই সরকারের বিভিন্ন বিষয়ে সংসদে সমালোচনা করে আসছেন।
