সাতক্ষীরায় প্রাক-বাজেট আলোচনা অনুষ্ঠিত
কেন্দ্রীভূত নয়, জন অংশগ্রহণমূলক জেলা বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন চাই- এই প্রতিপাদ্য নিয়ে সাতক্ষীরায় সোমবার প্রাক বাজেট আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সাতক্ষীরা জেলা ক্যাম্পেইন কমিটি সকালে শহরের চায়না বাংলা শপিং কমপ্লেক্সে এ আলোচনার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন সুপ্র’র জেলা সভাপতি এ কে এম আনিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম।
সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা বিশুদ্ধ পানি সংকট সম্পর্কে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র এম এ জলিল বলেন, “এই দুর্ভোগ শুধু আপনাদের না, আমার নিজেরও। লবণ পানি আমিও খাচ্ছি।”
তিনি আরো জানান, এই সমস্যা সমাধানে কাজ চলছে। প্রতি মাসে লাইন সংস্কার করা হচ্ছে।
বাজেট সম্পর্কে মেয়র বলেন, “মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করে সরকারি ব্যবস্থাপনায় আমাদের জাতীয় বাজেট সংশ্লিষ্ট আলোচনা করতে হবে।”
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাপা সভাপতি শেখ আজহার হোসেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক কামরুল ইসলাম ফারুক, বীর মুক্তিযোদ্ধা আবু নাসিম ময়না, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আব্দুল হামিদ, সুকুমার দাস, সাংবাদিক সুভাষ চৌধুরী, কল্যাণ ব্যানার্জি, ফরিদা আক্তার বিউটি, মাধব চন্দ্র দত্ত, অপারেশ পাল প্রমুখ।
সভায় বক্তারা সাতক্ষীরা সদর হাসপাতালে জনবল সংকট নিরসনে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা, সুন্দরবনকে পর্যটন কেন্দ্র ঘোষণা, কৃষি কলেজ প্রতিষ্ঠা, ভোমরা স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর ঘোষণা, প্রাণসায়র খাল সংস্কারসহ ২০দফা দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
