কুমিল্লার ১০১ ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার নির্দেশ
কুমিল্লা মহানগরীর ১০১টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সোমবার সাংবাদিকদের এ তথ্য জানান সিটি মেয়র মনিরুল হক সাক্কু।
তিনি বলেন, ২০০৯ সালের ৪ জুন কুমিল্লা পৌরসভার তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আরিফ ৬৬টি ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার নির্দেশ দেন। ৬৬টি ভবনের মধ্যে মাত্র ৬টি ভবন সংস্কার ও ভেঙে ফেলা হয়। বাকী ৬০টি ভবনের সঙ্গে নতুন যোগ হয়েছে আরো ৪১টি ঝুঁকিপূর্ণ ভবন। মোট ১০১টি ঝুঁকিপূর্ণ ভবনকে ১৫ দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
এ নির্দেশ অমান্য করা হলে সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট নিয়োগ করে ভবনগুলো ভেঙে ফেলবে বলে মেয়র জানান।
ঝুঁকিপূর্ণ ভবনগুলোর মধ্যে আছে সরকারি অফিস, সরকারি কর্মকর্তাদের বাসভবন, ব্যক্তি মালিকানাধীন বাণিজ্যিক ও আবাসিক ভবন।
ঝুঁকিপূর্ণ এসব ভবনের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ধর্মপুরে জাতীয় মহিলা সংস্থার অফিস, অশোকতলায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিস, রামঘাটলায় বিএমএ কুমিল্লার অফিস, বাগিচাগাঁওয়ে গণপূর্ত বিভাগের কোয়ার্টার, লাকসাম রোডে ঈশ্বর পাঠশালা, কুমিল্লা শিক্ষা বোর্ড কোয়ার্টার ও ঝাউতলায় দুই অতিরিক্ত জেলা প্রশাসকের বাসভবন।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, তালিকার ১০১টি ঝুঁকিপূর্ণ ভবন ছাড়াও কয়েকটি অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে।
এর মেধ্যে রয়েছে- কান্দিরপাড়ে ময়নামতি গোল্ডেন টাওয়ার ৯ তলার অনুমোদন নিয়ে ১২ তলা করা হয়েছে। সিটি কর্পোরেশন সংলগ্ন আবদুল মালেক ভুইয়ার দুই তলার অনুমোদন নিয়ে চার তলা ভবন নির্মাণ, দেশওয়ালিপট্টিতে সাদেকুল ইসলামের ছয় তলার অনুমোদন নিয়ে ৮তলা ভবন নির্মাণ, ঝাউতলার আনোয়ারা খাতুনের ছয় তলার অনুমোদন নিয়ে সাত তলা ভবন নির্মাণ, তালপুকুর পাড়ের মমতাজ বেগম তিন তলার অনুমোদন নিয়ে চার তলা ভবন নির্মাণ, রেইসকোর্সে আবদুল আমিন ভুইয়া ভবন চার তলার অনুমোদন নিয়ে পাঁচ তলা করা হয়েছে। এছাড়া ময়নামতি গোল্ডেন টাওয়ারের বেজমেন্টে রেস্তোরা, এসবি প্লাজার বেজমেন্টে রেস্টুরেন্ট ও ঝাউতলার একটি ভবনের বেজমেন্টে রেস্তোরা করা হয়েছে, যা ভবনগুলোর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
