রাজশাহীতে সরকাদলীয় নেতাকর্মীরা রগকাটা আতঙ্কে
‘ইসলামী ছাত্র শিবিরের’ একের পর এক রগকাটার ঘটনায় রাজশাহীর আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছেন।
গত দেড় মাসে রাজশাহীতে রগ কাটার শিকার হয়েছেন চার জন, যাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
এসব ঘটনার জন্য বরাবরই জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে দায়ী করছেন আক্রান্ত ব্যক্তিদের পরিবার ও দলের নেতাকর্মীরা।
সর্বশেষ রোববার রাতে স্থানীয় যুবলীগ নেতা আনারুল ইসলাম আনারকে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে দুর্বৃত্তরা।
এর আগে গত ১৮ মার্চ রাতে নগরীর বিনোদপুরে ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের (৩৭) দুই পায়ের রগ এবং আরেককর্মী মাইনুল ইসলামের বাম হাতের রগ কাটা হয়।
১৪ এপ্রিল রগ কাটার শিকার হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হাবিব। ঘটনার ছয় দিন পর ঢাকার পঙ্গু হাসপাতালের চিকিৎসকরা তার পা কেটে ফেলতে বাধ্য হন।
হাবিবের রগ কাটার পর ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মামুনুর রশিদ ডালিম ও ইসলামী ব্যাংক হাসপাতাল লক্ষ্মীপুর শাখার হিসাবরক্ষক রবিউল ইসলামকে আটক করে র্যাব। পরে তাদের কাছ থেকে রগ কাটার যন্ত্র উদ্ধার করা হয়।
এদিকে এসব ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে দাবি করেছেন মহানগর পুলিশ কমিশনার এস এম মনির উজ-জামান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিশ্চয় বিষয়গুলো উদ্বেগ ও উৎকণ্ঠার কারণ। কারা এবং কেন এসব ঘটনা ঘটাচ্ছে তা তদন্তাধীন।
সে কারণে কারো প্রতি ইঙ্গিত করতে চাননি পুলিশের ওই কর্মকর্তা।
২০১০ সালের ৮ ফেব্রুয়ারি শিবির-ছাত্রলীগ সংঘর্ষের সময় ছাত্রলীগের ছয় নেতাকর্মীর রগ কেটে দেয়া হয়। সংঘর্ষে নিহত হন ছাত্রলীগ নেতা ফারুক হোসেন।
এছাড়া গত বছর ২০ নভেম্বর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি আখেরুজ্জামান তাকিমকে হাতুড়ি পেটা করে হাত ও পায়ের রগ কেটে দেয়। প্রায় দেড় মাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকার পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি তিনি।
তাকিম এ হামলার জন্য ছাত্রশিবিরকে দায়ী করেছেন।
ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় অব্যাহতভাবে এসব অঙ্গহানির ঘটনায় আতঙ্কে আছেন সাধারণ শিক্ষার্থীরাও।
বিনোদপুরের বাসিন্দা শুভ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি বেড়ে যাওয়া রগ কাটার ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত। বেশি শঙ্কার মধ্যে আছেন ছাত্রাবাসে অবস্থানরত দেশের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুর, ধরমপুর, দাশমারী, মির্জাপুর এলাকায় অন্তত দেড় শতাধিক ছাত্রাবাস রয়েছে।
বিনোদপুরের একটি ছাত্রাবাসের শিক্ষার্থী রহিদুল ইসলাম বাবু বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে তারা ঠিকমত পড়াশোনা করতে পারছেন না। কয়েকদিন আগে পাশে স্থানীয় এক নেতার পায়ের রগ কেটে দেয়া হয়েছে।
সহিংস পরিস্থিতির পর পুলিশ মেসে মেসে তল্লাশির নামে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করে বলেও অভিযোগ করেন তিনি।
রাবি ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী ও সাধারণ সম্পাদক আহমেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্র শিবির গত কয়েক মাসে তাদের দুই নেতার রগ কেটে ক্যাম্পাসে আতঙ্ক তৈরি চেষ্টা করছে।
আশির দশকে রগ কাটার রাজনীতি করে মৌলবাদী ওই সংগঠনটি রাজশাহী বিশ্ববিদ্যালয়কে ‘রগ কাটা’ বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চেয়েছিল বলেও অভিযোগ করেন এই দুই নেতা।
ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ বলেন, মৌলবাদীদের অব্যাহত সহিংসতা পুরো রাজশাহী শহর জুড়ে জনমনে ভয় বিরাজ করছে।
এই বিষয়ে কথা বলতে ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আশরাফুল আলম ইমন ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াকে মোবাইল ফোনে পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারিকুল হাসান মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো উদ্বেগজনক। সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কগ্রস্ত হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
