নারায়ণগঞ্জে কলেজছাত্রীকে কুপিয়ে খুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নিজ বাড়িতে দুবৃর্ত্তরা কুপিয়ে খুন করেছে এক কলেজ ছাত্রীকে।
সোমবার বিকেলে উপজেলার কবিলের মোড় এলাকায় নিহত হাবিবা আক্তার (১৯) এর লাশ উদ্ধার করা হয়।
নিহত হাবিবা বন্দর উপজেলার কদমরসুল ডিগ্রী কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। তার বাবা নাসিরউদ্দিন নাসু সিঙ্গাপুর প্রবাসী। সে তার মায়ের সাথে ওই বাড়িতে বসবাস করতো।
গুরুতর আহত এবং অচেতন অবস্থায় নিহতের মা ফালানী বেগমকে উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান হোসেন জানান, উপজেলার কবিলের মোড় এলাকায় কলেজ ছাত্রী হাবিবা’র ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীরা দরজার কড়া নাড়লেও ভেতর থেকে তারা কোন সাড়া পাননি। সারাদিন দরজা বন্ধ থাকায় সোমবার বিকেলে প্রতিবেশীরা দরজা খুলে ভেতরে প্রবেশ করে বিছানার উপর হাবিবার লাশ দেখতে পান।
হাবিবার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিলো। ওই সময় ঘর থেকে গুরুতর আহত অবস্থায় নিহতের মা ফালানী বেগমকে (৪২) উদ্ধার করে শহরের খানপুরে অবস্থিত ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়।
পুলিশের ধারণা, রাতের যে কোন সময় এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে।
তবে ঘরের সব কিছু দেখে মনে হচ্ছে চুরি বা ডাকাতির সময় এই ঘটনা ঘটেনি। হত্যার উদ্দেশ্যেই ধারালো অস্ত্র দিয়ে এই কলেজছাত্রীকে আঘাত করা হয়।
