‘জামায়াত-শিবিরের কারখানায় হেফাজতের জন্ম’
জামায়াত-শিবিরের কারখানায় হেফাজতে ইসলামের জন্ম হয়েছে বলে দাবি করেছেন বগুড়ার নারীরা।
সোমবার জেলা শহরে এক নারী সমাবেশে তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় নারীদের উপর নির্যাতন চালিয়ে হত্যা করেছে। সেই জামায়াত-শিবিরের কারখানায় হেফাজতে ইসলাম বাংলাদেশের জন্ম হয়েছে।
সেকারণে স্বাধীনতা যুদ্ধের মতো আবারো নারীদেরকে নির্যাতন করতে চায়।
বিকালে জেলা শহরের সাতমাথায় বগুড়া সম্মিলিতি নারী সমাজ এ সমাবেশের আয়োজন করে।
হেফাজতে ইসলাম ধর্মের লেবাসে নারীদের ঘরে বন্দি রাখার চেষ্টা করছে বলে তারা দাবি করেন।
হেফাজতে ইসলাম বাংলাদেশকে তালেবানী রাষ্ট্রে পরিণত করতে চায় বলে রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে ১৩ দফা দাবি ঘোষণা করেছে বলে তারা অভিযোগ করেন।
নারী নেত্রীরা বলেন, নারীদের বুকে একবিন্দু রক্ত থাকতে হেফাজতকে এদেশকে তালেবানী রাষ্ট্র বানাতে দেয়া হবে না।
নারীরা হেফাজতের ১৩ দফা দাবি দুর্গন্ধময় নর্দমায় ফেলে দিয়েছে, বলেন বক্তারা।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মঙ্গলবার বগুড়ায় হেফাযতে ইসলামের শানে রেসালত মহাসম্মেলন উপলক্ষে শাহ আহম্মেদ সুফীর আগমনের আগে এ নারী সমাবেশ করা হল।
বগুড়া সম্মিলিতি নারী সমাজের আহ্বায়ক ডা. সামছুন্নাহার ইসলাম শেফালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম আহবায়ক আলহাজ কামরুন নাহার পুতুল, যুগ্ম আহবায়ক আলহাজ জেবউন নাহার জীবন, মাহফুজ আরা মিভা, ফেরদোসী বেগম, অ্যাডভোকেট নাসরিন সুলতানা কেকা, পৌর কাউন্সিলর ডালিয়া নাসরিন রিক্তা, বিলাসী রানী সরকার, ববিতা বর্মণ,পূর্ণিমা রানী নিভা প্রমুখ।
