২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের ১০ শ্রমিকের লাশ দাফন, নিখোঁজ ২১

সাভারে বহুতল ভবন ধসে শেরপুরের নিখোঁজ শ্রমিকদের অনেকেরই কোনো খোঁজ এখনো মেলেনি। এদিকে একের পর এক আসছে লাশ। এনিয়ে সাভার ট্রাজেডিতে শেরপুর জেলার ১০ জনের লাশ উদ্ধার হয়েছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 12:04 PM

Updated : 23 Aug 2022, 10:40 AM

নিহত ও নিখোঁজ পোশাক শ্রমিকদের বাড়িতে বাড়িতে এখন শুধুই কান্নার রোল।

সোমবার দুপুরে নালিতাবাড়ী পৌর শহরের উত্তর চকপাড়া এলাকার নিখোঁজ গার্মেন্ট কর্মী রোকসানা আক্তার রনির(১৯) লাশ দাফন করা হয়েছে। তবে তার স্বামী ইমরান এখনও নিখোঁজ রয়েছেন।

নিহত পোশাক শ্রমিক সাইফুল্লাহ, রোকসানা, পারভিন, রহিমা খাতুন, আফরোজা, হালিম, কাউছার, সাইফুল ইসলাম হৃদয়ের বাড়িতে চলছে শোকের মাতম।

নালিতাবাড়ী পৌর শহরের উত্তর চকপাড়া এলাকার হবি রহমানের দুই ছেলে সেন্টু মিয়া (২৪) ও সেকান্দর আলী (২০) নিখোঁজ রয়েছেন। মন্টু মিয়ার ছেলে ছালিম রানা (২৮) আর মেয়ে মনিরার (১৭) খোঁজ এখনও মেলেনি।

এছাড়া এ উপজেলার কাকরকান্দি, শালমারাসহ কয়েকটি গ্রামের আরও অন্ততঃ ১৭ জন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। যাদের নাম জানা যায়নি।

স্থানীয়দের ধারণা, নিখোঁজ এসব গার্মেন্ট শ্রমিক ভবন চাপায় মারা গেছেন। তবে স্বজনরা আশায় বুক বেধে আছেন যে তারা হয়তো বেঁচে আছে। তাদের দাবি, মারা গিয়ে থাকলেও অন্তত লাশটি যেন তারা দেখতে পারেন।

শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন জানান, শেরপুরের নিহত শ্রমিকদের মধ্যে পাঁচজন নালিতাবাড়ী উপজেলার, দুই জন শ্রীবরদী এবং একজন করে শেরপুর সদর, ঝিনাইগাতী ও নকলা উপজেলার বাসিন্দা।