হা-মীমসহ ২ কারখানায় ফাটল
রানা প্লাজা ধসে পড়ার ছয় দিনের মাথায় সাভারে হা-মীম গ্রুপসহ দুটি পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দিয়েছে।
পরে কারখানা দুটিতে ছুটি ঘোষণা করা হয়।
শিল্পপুলিশের ডিএডি আব্দুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে ট্রাউজার লাইন কারখানার ভবনে ফাটল দেখার পর শ্রমিকরা রাস্তায় নেমে আসে।
এদিকে, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এইচআর টেক্সটাইলের শ্রমিকরা কারখানায় প্রবেশের আধা ঘণ্টা পর সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই ভবনটি কেঁপে ওঠে। শ্রমিকরা দ্রুত কারখানা থেকে নেমে যায়।
ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি সেলিম আহমেদ জানান, এইচআর টেক্সটাইলের ভবনের ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা হয়ে ফেটে গেছে।
এই ভবনের পাশেই কর্ণপাড়া খাল। ওই খালের একাংশ ভরাট করে এই ভবন গড়ে তোলা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
