যশোরে পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা
যশোর শহরে সন্ত্রাসীরা এক পরিবহন শ্রমিককে গুলি করে হত্যা করেছে।
সোমবার সকালে শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় নিজ বাড়ির সামনেই সরোয়ার হোসেন টুলুকে (২৭) গুলি করে হত্যা করা হয়।
টুলু এলাকার আব্দুল কাদের সরদারের ছেলে। তিনি রূপসা পরিবহনের চালক ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ওসি এমদাদ শেখ সাংবাদিকদের জানান, সকালে একদল দুর্বৃত্ত টুলুকে ডেকে নিয়ে বাড়ির সামনেই তার পায়ে ও বুকে গুলি করে।
স্থানীয় লোকজন টুলুকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে পরিবহন শ্রমিকরা তার লাশ নিয়ে শহরে মিছিল করে।
ঘটনায় জড়িত সন্দেহে টালিখোলা এলাকার স্বপন ওরফে চাইনিজ স্বপন ও রাজুকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
