‘ফাটল আতঙ্কে’ নারায়ণগঞ্জে ২ কারখানা বন্ধ
‘ফাটল আতঙ্কে’ শ্রমিকরা কাজ করতে অস্বীকার নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে দুটি পোশাক কারখানা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে পুলিশ।
রূপগঞ্জ উপজেলার ভুলতা আউখাবো এলাকায় অবস্থিত বেনেটেক্স গার্মেন্টস লিমিটেড এবং সিদ্ধিরগঞ্জপুল এলাকায় একে ফ্যাশন লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
সোমবার সকালে শ্রমিকরা কারাখানার দেয়ালে ফাটলের চিহ্ন দেখতে পেয়ে কাজ করতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ পরির্দশন শেষে বুয়েটের প্রকৌশলী দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত না হওয়া পর্যন্ত কারখানা দুটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, সকালে বেনেটেক্স গার্মেন্টস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা ৭ তলা ভবনের দোতলায় দেয়ালে ফাটলের চিহ্ন দেখে আতঙ্কে কারখানা থেকে বেরিয়ে আসে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারখানাটি বন্ধ রাখার নির্দেশ দেয়। কারখানাটিতে প্রায় ৬ হাজার শ্রমিক কাজ করে।
বেনেটেক্স গার্মেন্টস লিমিটেড এর ব্যবস্থাপক রতন কুমার রায় জানান, “সকালে কিছু শ্রমিক দোতলার দেয়ালে ফাটল দেখে বলতে থাকে ভবনে ফাটল দেখা দিয়েছে। আমরা ভবনের দেয়ার পলেস্তার ভেঙ্গে শ্রমিকদের দেখিয়েছি ভবনে বিম বা বেইজমেন্টে কোন সমস্যা নয়। তার পরও তারা কাজ করবে না বলে কারখানা থেকে নিচে নেমে যায়।”
তিনি জানান, রূপগঞ্জ উপজেলা প্রকৌশলীরা ভবনটি পরিদর্শন করে গেছেন। ভবন ঝুঁকিপূর্ণ তারা এমন কোন মন্তব্য করেননি। তবুও বুয়েট থেকে প্রকৌশলী এনে পরীক্ষা নিরীক্ষার করানোর পর কারখানা চালু করার নির্দেশ দিয়েছে পুলিশ। কর্তৃপক্ষ সে অনুযায়ী কাজ করছে।
অন্যদিকে সিদ্ধিরগঞ্জপুল এলাকায় থানা আওয়ামী লীগ সভাপতি মজিবর রহমানের মালিকানাধীন ছয় তলা ভবনে এ কে ফ্যাশন লিমিটেড কারখানার ৩ তলা ও ৬ তলায় বেশ কিছু ফাটল দেখা দেয়। সকালে শ্রমিকরা কাজ করতে এসে ফাটল দেখে আতঙ্কে ওই কারখানায় কাজ করবে না জানায়।
শিল্প পুলিশ-৪ এর সহকারী পুরিশ সুপার (এএসপি) মো. মাসুদ জানান, ফাটল দেখে কারখানাটি বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হযেছে। পরীক্ষা- নিরীক্ষার পর বিপদজ্জনক না হলে কারখানা চালু করতে বলা হয়েছে।
ভবন মালিক ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ সভাপতি মজিবুর রহমান বলেন, “৫/৭ বার ভূমিকম্প হলে ভবন একটু ফাটতেই পারে। এতদিন শ্রমিকরা কাজ করেছে তখন কোন সমস্যা হয়নি। আজ শ্রমিকরা এসে বলছে ওই ফাটা মেরামত না করলে কাজ করবে না। আমরা ফাটল মেরামতের উদ্যোগ নিয়েছি।”
এ কে ফ্যাশনের মালিক ও প্রকৌশলী কামরুল হাসান জানান, ১৬/১৭ বছর যাবত এই ভবনে ব্যবসা করছি। ভবনের বেইজমেন্টে কোন সমস্যা নেই। দেয়ালের পলেস্তারে কিছু ফাটল থাকলে থাকতে পারে। এটা আতঙ্কিত হওয়ার মতো কোন কিছু নয়।
