১২ ঘণ্টা পরও ধ্বংসস্তূপে দেখা যাচ্ছে ধোঁয়া
সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপে আগুন ১২ ঘণ্টায়ও পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিভিন্ন ফ্লোরে গার্মেন্টের কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়েছে।
“আমরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।”
রাতে কাটিং মেশিনের স্ফূলিঙ্গ থেকে গার্মেন্টসের কাপড়ে আগুন লাগার পর তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভবনের পেছন থেকে আগুন নেভাতে কাজ শুরু করে। ২০ মিনিটের মধ্যে ওই স্থানে আগুন নিয়ন্ত্রণে এলেও জীবিত শ্রমিকদের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম সিকদার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রংপুরের শাহিনা আক্তার নামে জীবিত একজন শ্রমিকের সঙ্গে অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগেও তিনি কথা বলেছিলেন। তাকে উদ্ধারের জন্যই দমকলকর্মীরা ছাদের রড কাটার কাজ শুরু করেছিলেন। তখনই আগুন লেগে যায়।
শাহিনা বেঁচে আছে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।
এদিকে আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম জানান, বেলা ২টার দিকে তারা শাহিনা আক্তারের অবস্থান জানতে পেরেছিলেন। তবে কিছুতেই শাহিনা আক্তার পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না তারা। রাত ১০টার দিকে তাকে উদ্ধারে সুড়ঙ্গ তৈরির জন্য রড কাটা হচ্ছিল।
শাহিনাকে উদ্ধারের চেষ্টা ব্যর্থ হওয়ার পর রাত নাড়ে ১১টার দিকে ক্রেনসহ ভারী সরঞ্জাম দিয়ে মে ধ্বংসস্তূপ সরানো শুরু করেছেন উদ্ধারকর্মীরা। আর এর মধ্য দিয়ে কার্যত শেষ হয় জীবিতদের সন্ধান।
