২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে যুবলীগ নেতাকে রগ কেটে হত্যা

রাজশাহী মহানগরীতে যুবলীগের এক নেতাকে হাত-পায়ের রগ কেটে খুন করেছে দুর্বৃত্তরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 07:11 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

নিহত আনারুল ইসলাম আনার নগরীর ২৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বাখরাবাজ দক্ষিণপাড়ায় তার ওপর হামলা করা হয়।

পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি অসীত কুমার ঘোষ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে মোটরসাইকেল যোগে ডাঁশমারী এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন আনার। সাড়ে ১০টার সময় ঘটনাস্থলে পৌঁছালে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন যুবক পেছন থেকে এসে আনারের গতিরোধ করে।

রমজান আলী বলেন, দুর্বৃত্তরা তার হাত-পায়ের রগ কেটে ফেলে রেখে দ্রুত চলে যায়। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

শিবির ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আনারের বাম হাতের কব্জি ও ডান পায়ের গোড়ালির রগ কেটে দেয়া হয়েছে। অপারেশন থিয়েটারে নেয়ার পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনার সঙ্গে শিবিরকর্মীরা জড়িত বলে ওসি অসীত কুমার ঘোষও ধারণা করেন।

তিনি বলেন, জড়িতদের খুঁজে বের করতে অভিযান শুরু করেছে পুলিশ।