২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে

মৃত্যু নিবন্ধনকে আইনগতভাবে বাধ্যতামূলক করার বিধান রেখে সংশোধিত জন্ম ও মৃত্যু নিবন্ধন বিল সংসদে উত্থাপিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 06:34 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার জাতীয় সংসদে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) বিল-২০১৩’ উত্থাপন করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

পরীক্ষা শেষে তিন সপ্তাহের মধ্যে সংসদে প্রতিবেদন চেয়ে বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

২০০৪ সালের এই আইনের প্রস্তাবিত সংশোধনে জন্ম ও মৃত্যু নিবন্ধনে মিথ্যা তথ্য দিলে শাস্তির বিধান রাখা হয়েছে। এছাড়া জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে কেন্দ্রীয়ভাবে তত্ত্বাবধানের জন্য রেজিস্ট্রার জেনারেলের অফিস স্থাপনের বিধান রাখা হয়েছে।

বিলে, জন্ম ও মৃত্যুর তথ্য সংশোধনের জন্য নিবন্ধক পর্যায়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে।

প্রস্তাবে মিথ্যা তথ্য দেয়ার জন্য অনধিক পাঁচ হাজার টাকা জরিমানা অথবা অনধিক এক বছরের বিনাশ্রম কারাদণ্ড বা উভয়দণ্ডের বিধান রাখা হয়েছে।

বিলে, সাকসেশন সার্টিফিকেট, পারিবারিক পেনশন, মৃত ব্যক্তির লাইফ ইন্স্যুরেন্সের দাবি, নাম জারী এবং জমাভাগ প্রাপ্তির জন্য মৃত্যু সনদ ব্যবহার বাধ্যতামূলক করার বিধান রাখা হয়েছে।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “বিদ্যমান জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনে নির্দিষ্ট কোনো ক্ষেত্রে মৃত্যূ নিবন্ধন সনদ ব্যবহারের উল্লেখ নেই। ফলে মৃত্যু নিবন্ধনের বিষয়ে জনমনে আগ্রহের অভাব রয়েছে। যথাযথরূপে মৃত্যু নিবন্ধন না হলে দেশের জনসংখ্যার হিসাব নির্ভূলভাবে নিরূপিত হবে না। মৃত্যু নিবন্ধনকে আইনানুগভাবে বাধ্যতামূলক করতে আইন সংশোধনের প্রয়োজন দেখা দিয়েছে।”

আরো বলা হয়েছে, “প্রচলিত আইনে জন্ম ও মৃত্যু নিবন্ধন হাতে লেখা সনাতন পদ্ধতিতে রেকর্ড করা হয়েছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে জন্ম ও মৃত্যু নিবন্ধনকে ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা প্রয়োজন।”