২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল অর্থসহ চট্টগ্রামে জামায়াত নেতা নুরুল্লাহ গ্রেপ্তার

বিপুল অর্থসহ চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মো. নুরুল্লাহসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 05:59 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার রাত ৯টার দিকে নগরীর দিদার মার্কেটের অ্যাকর্ড হাউজিংয়ের সামনে থেকে ১৭ লাখ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও আটক করেছে পুলিশ।

নুরুল্লাহ ছাড়া গ্রেপ্তার হওয়া বাকিরা হলেন- শাজাহান মহিউদ্দিন, সেলিম চৌধুরী, আবু সাঈদ ও শাহাদাত হোসেন।

এদের মধ্যে প্রথম দুই জনের বাড়ি পটিয়ায় ও বাকি দুজনের বাড়ি সাতকানিয়ায়। তারা সবাই অ্যাকর্ড হাউজিংয়ের মালিকানার সঙ্গে সংশ্লিষ্ট।

কোতোয়ালি থানার ওসি মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শাজাহান মহিউদ্দিন, সেলিম চৌধুরী, আবু সাঈদ ও শাহাদাত হোসেন জামায়াতের অর্থ যোগানদাতা।

পুলিশের ধারণা, উদ্ধার করা ১৭ লাখ টাকা পোশাক শ্রমিকদের উস্কানি দিয়ে সহিংসতা সৃষ্টির কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের।

গ্রেপ্তারকৃতরা ২৮ ফেব্রুয়ারির পরে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়ায় সহিংসতার ঘটনায় করা মামলার তালিকাভুক্ত আসামি বলেও জানান তিনি।