সংসদে পানি বিল পাস
পানি সম্পদের উন্নয়নসহ সার্বিক ব্যবস্থাপনার বিধান করতে জাতীয় সংসদে পানি বিল পাস হয়েছে।
আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণে সুনির্দিষ্ট বিধান করতে ‘বাংলাদেশ পানি বিল-২০১৩’ সংসদে পাস হয়েছে।
রোববার জাতীয় সংসদে পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন ‘বাংলাদেশ পানি বিল-২০১৩’ পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ৩ মার্চ পানিসম্পদের সমন্বিত উন্নয়ন, ব্যবস্থাপনা, আহরণ, বিতরণ, ব্যবহার, সুরক্ষা ও সংরক্ষণে সুনির্দিষ্ট বিধান করতে প্রস্তাবিত আইনটি সংসদ উত্থাপন করেন মন্ত্রী।
প্রস্তাবিত আইনে স্থাপনা নির্মাণ বা জলাধার ভরাট করে জলস্রোতের স্বাভাবিক প্রবাহ বন্ধ করলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে জাতীয় পানিসম্পদ পরিষদ গঠনের বিধান রাখা হয়েছে। এই পরিষদের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পানিসম্পদ মন্ত্রীকে সভাপতি করে একটি নির্বাহী কমিটি রাখারও বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে বিধান লঙ্ঘনের জন্য অনধিক পাঁচ বছরের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। দায়িত্ব পালনরত কোনো ব্যক্তিকে কাজে বাধা দিলেও একই দণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া এই আইনের অধীন কোনো অপরাধের বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করার প্রস্তাব করা হয়েছে।
বিলে, শিল্প, কৃষি, ইষৎ লোনা পানিতে মৎস চাষ এবং হ্যাচারি প্রতিষ্ঠার জন্য যেকোনো এলাকাকে পানি অঞ্চল ঘোষণার বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে, জলাধার সংরক্ষণ, জলস্রোত স্বাভাবিকসহ পানি সম্পদ সংরক্ষনে বিধান রাখা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, “বার্ষিক ভিত্তিতে প্রাপ্যতা যথেষ্ট হলেও স্থান ও কালভেদে প্রাপ্যতার ব্যাপক তারতম্য নানা রকম সংকটপূর্ণ অবস্থার সৃষ্টি করে। জুন হতে সেপ্টেম্বর সময়ে নদীগুলোর অববাহিকা অঞ্চলে পানি প্রবাহ বন্যার সৃষ্টি করে। অন্যদিকে শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। এছাড়া শিল্প বর্জ্য, গৃহস্থলী বর্জ্য, রাসায়নিক সার ও কীটনাশক ক্রমাগত নদী-খাল-বিলের পানি দূষিত করছে। তরল বর্জ্য চুইয়ে ভূগর্ভস্থ পানিকেও দূষিত করছে।”
আরো বলা হয়েছে, “পানি একটি প্রাকৃতিক সম্পদ হলেও কোনোভাবেই এর যথেচ্ছ ব্যবহারের অবকাশ নেই। একটি সীমিত সম্পদ বিবেচনায় সকলের প্রয়োজন মেটাতে পানির আহরণ, উন্নয়ন ও ব্যবহার সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে হওয়া প্রয়োজন।”
