২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রফিউর রাব্বির সমাবেশে ‘পিস্তল নিয়ে’ যুবলীগ নেতা

নারায়ণগঞ্জে সাংস্কৃতিক জোটের সমাবেশে যুবলীগের এক নেতার নেতৃত্বে হামলা হয়েছে, যার বিরুদ্ধে জোটের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 05:26 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

রোববার বিকালে এই হামলার পর উত্তেজনা দেখা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।

চাষাঢ়া শহীদ মিনারে সাংস্কৃতিক জোটের প্রতিবাদী সমাবেশ চলাকালে জহিরুল ইসলাম পারভেজের (ক্যাঙ্গারু পারভেজ) নেতৃত্বে হামলা হয় বলে অভিযোগ করেছেন সাংস্কৃতিক জোটের নেতারা।

শুক্রবার রাতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ঘোষ বাবুর চেম্বার তছনছ হয়। ওই দিন সন্ধ্যায় শহীদ মিনারে সাংস্কৃতিক জোটকর্মীদের পারভেজ মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

এই দুই ঘটনার প্রতিবাদে বিকালে শহীদ মিনারে সাংস্কৃতিক জোট প্রতিবাদ সমাবেশ করছিল। এর মধ্যেই পারভেজসহ তার সঙ্গীরা সমাবেশস্থলে আসে।

রফিউর রাব্বি অভিযোগ করেন, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা করা হয়েছিল।

“শহীদ মিনারে সমাবেশ চলাকালে বেদীর সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিল পারভেজ। এখানে আসার কারণ জানতে চাইলে ক্যাঙ্গারু পারভেজ এক পর্যায়ে পুলিশের সামনেই কোমর থেকে পিস্তল বের করে তার সঙ্গীদের দিকে ছুড়ে মারে।”

নাগরিক আন্দোলনের নেতা রাব্বি তার ছেলেকে খুনের জন্য নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমানকে দায়ী করে আসছেন।

জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজকে ওই হত্যামামলায় আসামির তালিকায় রেখেছেন রাব্বি।

শহীদ মিনারে এক পর্যায়ে জনতা পারভেজকে আটকে ফেললে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেট ছোড়ে।

রাব্বির অভিযোগ, পারভেজদের প্রতিরোধ করতে গেলে পুলিশ সাংস্কৃতিক জোটের কর্মীদের ওপর লাঠি চালায়।  

এদিকে জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আনিসুর রহমান দীপু সাংবাদিকদের বলেন, “পারভেজ শহীদ মিনারে গেলে কৃষক লীগ নেতা রোকনউদ্দিনের নেতৃত্বে তাকে হত্যার উদ্দেশ্যে অবরুদ্ধ করে তার ওপর হামলা চালানো হয়। পুলিশ পারভেজকে উদ্ধার করলে তারা পুলিশের ওপরও হামলা চালায়।”

জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “পারভেজকে আটক করা হয়েছে। কী কারণে এই ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে পারভেজকে থানায় নেয়ার পর সাংস্কৃতিক জোটের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে রেখেছে।