২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুন নেভাতে গিয়ে দমকলকর্মী আহত

সাভারে ধসে পরা ভবনে জীবিত কয়েক জনকে উদ্ধারে সুড়ঙ্গের রড কাটার সময় আগুনে তিন দমকলকর্মী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 04:23 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিবেদক আশিক হোসেন জানিয়েছেন, আটকে পড়া চার জনকে উদ্ধারে রাত ১০টা ৫ মিনিটের দিকে সুড়ঙ্গ পথে রড কাটা শুরু করে উদ্ধারকর্মীরা। এ সময় কাটিং মেশিনের স্ফূলিঙ্গ থেকে গার্মেন্টসের কাপড়ে আগুন লেগে যায়।

তাৎক্ষণিকভাবে ভবনের পেছন থেকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। এ সময় অন্তত তিন জন আহত হন। ২০ মিনিটের  মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও জীবিত ওই শ্রমিকদের ভাগ্যে কী ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিচালক জাফর ইমাম সিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহিনা আক্তার নামে জীবিত একজন শ্রমিকের সঙ্গে অগ্নিকাণ্ডের কয়েক মিনিট আগেও তিনি কথা বলেছিলেন। তাকে উদ্ধারের জন্যই দমকলকর্মীরা ছাদের রড কাটার কাজ শুরু করেছিলেন। তখনই অনাকঙ্ক্ষিতভাবে আগুন লেগে যায়।

শাহিনা বেঁচে আছে কিনা তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান তিনি।

এদিকে আগুন নিয়ন্ত্রণে আসার পর আইএসপিআরের পরিচালক শাহিনুল ইসলাম তাৎক্ষণিক ব্রিফিংয়ে জানান, ২টার দিকে তারা শাহিনা আক্তারের অবস্থান জানতে পেরেছিলেন তারা। তবে কিছুতেই শাহিনা আক্তার পর্যন্ত পৌঁছাতে পারছিলেন না তারা। রাত ১০টার দিকে তাকে উদ্ধারে সুড়ক তৈরির জন্য রড কাটা হচ্ছিল।