সাভার ট্রাজেডির জন্য দায়ীদের শাস্তি দাবি
সাভারে নয়তলা ভবন ধসে ভয়াবহ বিপর্যয়ের জন্য দায়ীদের শাস্তি দাবি জানিয়েছে চট্টগ্রামের পোশাক শ্রমিকরা।
রোববার বিকালে এ দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
মিছিলটি চট্টগ্রাম ইপিজেড মোড় থেকে শুরু হয়ে সল্টগোলা ক্রসিংয়ের সিমেন্স হোস্টেল মোড়ে এসে শেষ হয়।
এর আগে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে ইপিজেড মোড়ে সমাবেশ হয়।
সমাবশে থেকে পহেলা মে সকাল ৯টায় ইপিজেড মোড়ে, বিকাল ৩টায় টাইগার পাস মোড়ে সমাবেশ করার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, রানা প্লাজার ভবন মালিক এবং ওই ভবনের পোশাক কারখানার মালিকদের অতি মুনাফালোভী মনোভাবের কারণেই এমন মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
পোশাক শ্রমিকদের নিরাপদ র্কমপরিবেশ সৃষ্টির পাশাপাশি সাভার ট্রাজেডির সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার ও নিহতদের যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান শ্রমিক নেতারা।
এছাড়া পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করা এবং পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়ারও দাবি জানান তারা।
ট্রেড ইউনয়িন ফেডারেশনের নেতা নজরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সিদ্দিকুল ইসলাম, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি চট্টগ্রাম অঞ্চলের সভাপতি হাসান মারুফ রুমী, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পতেঙ্গা শিল্পাঞ্চলের সভাপতি আসাদুজ্জামান ও শ্রমিক নেতা রুহুল আমিন।
