২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মেয়েকে মানুষ করো, গার্মেন্টসে দিও না’

ধসে পড়া ভবনের চতুর্থ তলায় আটকে আছেন স্ত্রী নাজমা। স্বামী হাফিজের সঙ্গে মোবাইলে কথাও হয়েছে। তবে পাঁচদিনেও উদ্ধার করা যায়নি তাকে।

সেলিম আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2013, 03:40 PM

Updated : 25 Apr 2022, 06:40 PM

সুস্থ্ ও ভাল থাকার কথা বললেও শনিবার দুপুর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান স্বামী হাফিজুর রহমান খান।

নাজমা চার তলায় কাজ করতেন, ছিলেন অপারেটর।

মানিকগঞ্জের দৌলতপুরের হাফিজ জানালেন, তার স্ত্রীর সঙ্গে আরো কয়েকজন জীবিত আছেন। “শনিবার সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে বার বার বলছিলেন, আমাকে বাঁচাও, তাড়াতাড়ি মুক্ত কর। মনে হয় আমি চাপা পড়ে মারা যাব। আমার মেয়েটিকে মানুষ করো, আমার মতো গার্মেন্টসে পাঠিও না।”

এরপর থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানান তিনি।

পোশাক কারখানায় অনিরাপদ পরিবেশে শ্রমিকদের কাজ করানোর অভিযোগ বহুদিনের। সম্প্রতি আশুলিয়ায় তাজরীনে অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিক নিহত হন। এর কয়েক মাসের মাঝে ঘটলো ভবন ধসের ঘটনা। বেঁচে আসা শ্রমিকরা জানিয়েছেন, ওই দিন সকালে তাদের জোর করে ঝুঁকিপূর্ণ ভবনটিতে ঢোকানো হয়েছিল।

এরই মধ্যে নিহতের সংখ্যা পৌনে চারশ’ ছাড়িয়ে গেছে।

রোববার বিকালে হাফিজুর রহমান বলেন, বিকাল পর্যন্ত সুড়ঙ্গ পথে প্রবেশ করে তার কাছাকাছি পৌঁছেছিলাম। কিন্তু সরকারি উদ্ধার কর্মকর্তাদের নির্দেশে আর যেতে পারিনি। বাইরে আসতে বাধ্য হয়েছি।

নাজমা-হাফিজের একমাত্র সন্তান আট বছরের মেয়ে হাফেজা। সে অপেক্ষায় আছে মায়ের। 

কান্নাজড়িত কণ্ঠে হাফিজ বলেন, “আমার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার উত্তর বাসাইল গ্রামে। মেয়ে হাফেজাকে কথা দিয়েছিলাম- তার আম্মুকে নিয়ে ফিরবো। কিন্তু পাঁচদিন পার হওয়ার পরও তাকে উদ্ধার করতে পারলাম না।”

সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সোহেল রানার মালিকানাধীন এই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও পোশাকের দোকান ছিল।

ছয় তলার অনুমতি নিয়ে নয় তলা করা এ ভবনে নিউ ওয়েভ বটমস লিমিটেড, নিউ ওয়েভ স্টাইল, নিউ ওয়েভ অ্যাপারেলস, ফ্যান্টম অ্যাপারেলস লিমিটেড, ফ্যান্টম ট্যাক লিমিটেড ও ইথার টেক্সটাইল লিমিটেড নামে পাঁচটি পোশাক কারখানা ছিল।