ঝুঁকিপূর্ণ ভবন ভাঙলো চট্টগ্রাম সিটি করপোরেশন
চট্টগ্রাম নগরীতে পুরনো ও ঝুঁকিপূর্ণ একটি ভবন ভেঙে ফেলেছে সিটি করপোরেশন।
রোববার বিকালে নগরীর বান্ডেল রোড সেবক কলোনির ওই ভবনটি ভেঙে ফেলা হয় বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, চারতলা এই ভবনে ২৪টি সেবক পরিবার দীর্ঘদিন হতে অবৈধভাবে বসবাস করত। নগরীর আরো দুটি সেবক কলোনিতে পুনর্বাসনের ব্যবস্থা করার পরও পরিবারগুলো পরিত্যক্ত এ ভবনে অবৈধভাবে বসবাস করছিল।
এর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে বিক্রির জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সিটি করপোরেশন জানায়।
ভবন ভাঙারি কাজ তত্ত্বাবধান করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. সামসুদ্দোহা, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এয়াকুব নবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন, স্থানীয় কাউন্সিলর হাজী নুরুল হক, ভারপ্রাপ্ত প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক ও ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকতা শফিকুল মান্নান সিদ্দিকী।
শনিবার বিকালে নগরীর আগ্রাবাদের বাদামতলী এলাকায় জেক্স ভবন নামের একটি বাণিজ্যিক ভবন সিলগালা করে দেয় চট্টগ্রাম জেলা প্রশাসন।
ওই ভবনে বিভিন্ন ধরনের ৩২টি দোকান, একটি গার্মেন্টস এবং তিনটি ইনস্যুরেন্স কোম্পানির অফিস ছিল।
